শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে চার্জশিট পেশ ইডি-র

10

পৃথা দাশগুপ্ত, কলকাতা: একের পর এক আর্থিক দুর্নীতি। জমি দখল থেকে তোলাবাজি। পরিমাণ অন্তত ৩ কোটি। এই মর্মে কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে শুক্রবার ১১৪ পাতার প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল ইডি। মূল চার্জশিটে রয়েছে ২৬ জন সাক্ষীর বয়ান। তদন্তকারীরা চার্জশিটে উল্লেখ করেছেন, এখনও পর্যন্ত বেআইনিভাবে তিন কোটি টাকা আত্মসাতের হিসেব পাওয়া গেলেও এখানেই শেষ নয় । অঙ্কটা আরও বেশি হতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। তাই বাকি টাকার সন্ধান চলছে, তাঁকে আর‌ও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।

প্রায় মাস খানেকের মধ্যে ইডি তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করল। এই মামলায় এটাই প্রথম সাপ্লিমেন্টরি চার্জশিট। দুর্নীতি করে অন্তত ৩ কোটি টাকা আত্মসাৎ করেছেন শান্তনু।‌চার্জশিটে উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, নির্মাণকারী, পুলিশ ও দুষ্কৃতীদের সিন্ডিকেট সমন্বয় জমি দখল ও তোলাবাজির মত বেআইনি কার্যক্রম করে গেছে দিনের পর দিন। এমনকি আয়-ব্যয়ের মধ্যেও সঙ্গতি নেই বলেও উল্লেখ চার্জশিটে।

ইডি আজ আদালতে চার্জশিটে জানিয়েছে, প্রায় মাস খানেক হয়ে গেছে কিন্তু এখনো শান্তনু সিনহা বিশ্বাস তদন্তে সহযোগিতা করছেন না। দুর্নীতিতে আরও কত টাকা আত্মসাৎ করেছেন তিনি, সেই অর্থের সন্ধানে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে চার্জশিটে উল্লেখ রয়েছে।

বিধানসভা নির্বাচনের সময় কসবার সোনা পাপ্পুর বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে ইডির নজরে আসে কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসকে।‌ খোঁজ মেলে তাঁর বিপুল বেআইনি সম্পত্তির। তদন্ত করার সময় জানা যায়, কলকাতা ছাড়াও একাধিক জেলায় নিজের প্রভাব খাটিয়ে বেআইনিভাবে জমি দখল করে বড়সড় সিন্ডিকেট চালাচ্ছিলেন প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস। তাঁর‌ই সঙ্গে এই দখলের ভাগ নিত সোনা পাপ্পু। জয় কামদারের নাম‌ও উঠে আসে এক‌ই তদন্তে নেমে। এসব তথ্য প্রমাণ হাতে পেয়ে শান্তনু সিনহা বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে ইডি।অভিযোগ ,তিনি সহযোগিতা করেননি। গ্রেপ্তার করা হয় প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসকে।