নিউজ ডেস্ক: অসমের কাজিরঙার রঙাজান এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৩ জন নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। দ্রুতগতির একটি যাত্রীবাহী ট্রাভেলার গাড়ি এবং একটি কন্টেনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
শুক্রবার বিকেলে কাজিরঙার রঙাজান এলাকায় এই সংঘর্ষ ঘটে। যোরহাট থেকে নগাঁও অভিমুখে যাচ্ছিল যাত্রীবাহী ট্রাভেলারটি।
ট্রাভেলারটিতে (নম্বর KA01AT0977) ৩৫ জনেরও বেশি যাত্রী ছিলেন। এঁদের মধ্যে বেশিরভাগই কলেজ শিক্ষার্থী বলে জানা গেছে।
গোলাঘাটের এসপি স্বপ্ননীল ডেকা বলেছেন, আমরা প্রাথমিক যা খবর পেয়েছি তাতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। আমরা সবাই ঘটনাস্থলে রয়েছি এবং ট্রাভেলার থেকে মৃতদেহগুলো বের করে আনা হচ্ছে, তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
তিনি আরও বলেন, ট্রাভেলারটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল এবং কাজিরঙা জাতীয় উদ্যান এলাকায় আরোপিত বিধিনিষেধ অমান্য করছিল। আমাদের ধারণা, ট্রাভেলারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি একটি কন্টেনার ট্রাকের সঙ্গে ধাক্কা খায়, যার ফলে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছে এবং দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে আটকে পড়াদের বের করার চেষ্টা চলছে। আহতদের চিকিৎসার জন্য কঁহরা আদর্শ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অসমের মন্ত্রী অতুল বরা এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। নিহতদের সঠিক সংখ্যা ও পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
এর আগে ২০২৪ সালের ৩ জানুয়ারি গোলাঘাটের দেড়গাঁওয়ের বালিজান এলাকায় পিকনিকের যাত্রীবাহী একটি বাসের সাথে কয়লাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনায় ১২ জন নিহত হন এবং ২৫ থেকে ৩০ জন গুরুতর আহত হন।
২০ সেপ্টেম্বর, ২০২৩-এ যোরহাট জেলার মরিয়ানি এলাকায় অসম-নাগাল্যান্ড সীমান্তের কাছে একটি টাটা সুমো গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর দুটি গাড়িই ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। ভারী বৃষ্টির মধ্যে ঘটা এই দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হন।