জাহাঙ্গিরের বাড়ি ভাঙার কাজে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট

33

পৃথা দাশগুপ্ত,কলকাতা:গত বুধবার ভাইফোঁটার দিন সকালে জাহাঙ্গির বা পুষ্পা-র বাড়ি ভাঙার কাজ শুরু করে প্রশাসন। বাড়ির ভিতরের আসবাবপত্র থেকে বিভিন্ন জিনিস বের করার পর শুরু হয় ভাঙার কাজ। কিন্তু জাহাঙ্গিরের পরিবারের অভিযোগে কাউকে নোটিস না দিয়েই বাড়ি ভাঙতে শুরু করে প্রশাসন। সেই কারণে আদালতের দ্বারস্থ হন তিনি।

জেলাশাসকের নির্দেশে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ শুরু করেছিল প্রশাসন। সেই নিয়ে গত দুদিন এলাকায় চাঞ্চল্য। আজ সেই কাজে স্থগিতাদেশ জারি করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। আজ দুপুরের পর থেকে আগামী সোমবার দুপুর ২টো পর্যন্ত বাড়ি ভাঙার কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

আজ শুনানিতে জাহাঙ্গিরের আইনজীবীর কাছে বিচারপতি শুভ্রা ঘোষ জানতে চান, তাঁর বিল্ডিং প্ল্যান কোথায় ? বাড়ির নকশা দেখালেই সমস্যার সমাধান হতে পারে।

জাহাঙ্গিরের আইনজীবী জানান, জাহাঙ্গীর ও তাঁর স্ত্রী দু’জনেই জেলে।‌ তাঁদের ছেলে ওই বাড়িতে থাকেন না। জাহাঙ্গির জেলে রয়েছেন জেনেও জেলা পরিষদের তরফে তাঁর কাছে নোটিস পাঠানো হয়নি।

এর পরেই বাড়ির মালিকানা এবং অনুমোদিত বিল্ডিং প্ল্যান নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি।

বিচারপতির প্রশ্ন, মামলায় নকশা চুরি যাওয়ার কথা উল্লেখ করা আছে, কিন্তু থানায় কেন অভিযোগ দায়ের হয়নি?

অন্য দিকে, প্রশাসনের নোটিস দেওয়ার বিষয় নিয়েও রাজ্যের এজি-র কাছে ব্যাখ্যা চান তিনি।

বিচারপতির প্রশ্ন, ‘জাহাঙ্গির জেলে রয়েছেন জানার পরেও তাঁকে নোটিস ধরানোর চেষ্টা করা হয়নি কেন?’

অভিযোগ, বাড়ি ভাঙার আগে স্থানীয় বাসিন্দাদের একাংশকে সাক্ষী হিসেবে উপস্থিত রাখা হয়নি ।

এর পরেই বাড়ি ভাঙার আগে প্রশাসনের তরফে যে নোটিস জারি করা হয়েছিল, আদালতে তার ভিডিয়ো রেকর্ডিং পেশ করার নির্দেশ দেন বিচারপতি। সোমবার দুপুরে মামলার পরবর্তী শুনানিতে হবে।ওই ভিডিয়ো রেকর্ডিং জমা দিতে হবে। তার আগে পর্যন্ত বাড়ি ভাঙার উপরে স্থগিতাদেশ জারি করেন বিচারপতি ঘোষ।