পৃথা দাশগুপ্ত,কলকাতা:কেন্দ্রীয় সরকারের নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প ‘বিকশিত ভারত ও রোজগার সুরক্ষা যোজনা’ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
বাংলায় দৈনিক ন্যূনতম মজুরি ৪০০ টাকা করার কথা কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানকে বলে এসেছেন। আজ নবান্ন সভাঘর থেকে এই ঘোষণা করলেন তিনি।
বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে পারিবারিক অনুষ্ঠানে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী।
আবাসের দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের অনুষ্ঠানে আজ নবান্নের সভা ঘর থেকে মুখ্যমন্ত্রী বলেন, “আমি মাননীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের মায়ের প্রয়াণ অনুষ্ঠানে গিয়েছিলাম। যদিও সেটা বলার মতো পরিবেশ ছিল না, তবুও দুটো কথা বলে এসেছি। “আমি কেন্দ্রীয় মন্ত্রীকে জানিয়ে এসেছি, বাংলার মাটিতে যারা ‘আনস্কিলড জব’-এর সঙ্গে যুক্ত, তাঁদের দৈনিক ন্যূনতম মজুরি বাড়িয়ে অন্তত ৪০০ টাকা করা হোক।”
কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান, ক্যাবিনেট মন্ত্রী দিলীপ ঘোষকে অভিনন্দন জানিয়ে বাংলার গ্রামীণ কর্মসংস্থান ও শ্রমিকদের নায্য অধিকারের বিষয়টি তুলে ধরেন।
পাশাপাশি, কেন্দ্র সরকারের নতুন কর্মসংস্থান প্রকল্প নিয়ে পরিসংখ্যান তুলে ধরে শুভেন্দু অধিকারী জানান, খুব শীঘ্রই নির্দিষ্ট সময়ের মধ্যে ২২ কোটির টার্গেট শেষ করা সম্ভব হবে।
তাঁর দাবি, বর্তমানে প্রতিদিন ১০ লক্ষ করে কর্মদিবস তৈরি হচ্ছে। গত ৫-৭ দিনের মধ্যেই প্রায় ১ কোটি ৬০ লক্ষ ম্যান্ডেট তৈরি হয়ে গিয়েছে, যা বিরাট সাফল্য।
প্রসঙ্গত উল্লেখযোগ্য, ১০০ দিনের কাজের প্রকল্পের পরিবর্তে কেন্দ্রীয় সরকারের তরফে নিয়ে আসা হয়েছে ‘বিকশিত ভারত ও রোজগার সুরক্ষা যোজনা’। এই নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে গ্রামীণ পরিবারগুলিকে বছরে ১২৫ দিন কাজের আইনি নিশ্চয়তা দেওয়া হয়। পাশাপাশি দৈনিক ন্যূনতম মজুরি প্রায় ৩০০ টাকা ধার্য করা হয়েছে। সেই ন্যূনতম মজুরিই বাড়ানোর পক্ষে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী।