হঠাৎ মমতার মুখে সারদা-নারদা! ‘লক্ষ্মী ভাণ্ডা’র নিয়ে কী বললেন মমতা?

66

নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হয়েছে ২০ দিন। ২৪ মে ফেসবুক লাইভে এসে সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক ইস্যুতে তাঁর বক্তব্য ও ক্ষোভ উগরে দিলেন নতুন বিজেপি সরকারের বিরুদ্ধে।

সারদা-নারদা নিয়ে সরব মমতা:

‘চেয়ার বলে হাজার তৃণমূল কর্মীকে জেলে পুরতে চায়। আগে তাঁর জেলে যাওয়া উচিত।’ সারদা ও নারদা কাণ্ড তুলে ধরে নাম না করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কি নিশানা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তৃণমূলকে সমূলে উচ্ছেদ করা যাবে না, দাবি মমতার। বিধাননগরে ‘সুফল বাংলা’র স্টল বন্ধ করে দেওয়ার অভিযোগ সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর। রাজ্যে তৃণমূলের সরকারে কলকাতা শহর ও সংলগ্ন এলাকায় ‘সুফল বাংলা’ স্টল থেকে স্বল্প মূল্যে সবজি পাওয়া যেত।

মমতার ‘মেলোডি’:

শুধু টার্গেট বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার নয়, কেন্দ্রের এনডিএ সরকারকেও কাঠগড়ায় তুললেন পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির জন্য। দেশবাসীকে গাড়ি কম ব্যবহারের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি কেন বিদেশে ঘুরে বেড়াচ্ছেন? কত জ্বালানি খরচ হচ্ছে? প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই মমতার খোঁচা, দেশের অর্থনীতি ধুঁকছে, আপনি চকোলেট দিচ্ছেন ইতালির প্রধানমন্ত্রীকে (মেলোডি টফি)।

টার্গেট ‘লক্ষ্মীর ভাণ্ডার’:

মে মাসে কেউ ‘লক্ষ্মীর ভাণ্ডার’ পায়নি বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বাজেট হওয়ার আগে স্পেশাল ক্যাবিনেটে সপ্তম বেতন কমিশনের ঘোষণা করেছিল তৃণমূল সরকার। রাজ্যে সরকারে এসেই সপ্তম বেতন কমিশন চালুর উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার। নতুন সরকারের ভূমিকা নিয়ে সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী।

বিরোধী দলনেতার আসন:

একাধিক বিষয় তুলে ধরে শনিবার ফেসবুক লাইভ করে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী আসনে বসা তৃণমূলের প্রতি বিজেপি সরকারের আচরণ নিয়ে চড়া সুর মমতার। ২৯৪ আসনের বিধানসভায় ২৯ আসন পেলেই বিরোধী আসন প্রাপ্য। মমতার বক্তব্য, ‘৭৯ আসনে জিতেও তৃণমূলের বিধায়ক ও বিরোধী দলনেতাকে বারান্দায় বসতে হচ্ছে।’ সবটাই পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের ত্রুটি বলে সরব বাংলার সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।