শিলিগুড়ি জেলা হাসপাতাল আরও বড় করার পরিকল্পনা শঙ্কর ঘোষের

7


প্রসেনজিৎ রাহা: আরও বড় হবে শিলিগুড়ি জেলা হাসপাতালের পরিকাঠামো। নতুন করে এই হাসপাতালকে গড়ে তোলার পরিকাঠামো শঙ্কর ঘোষের। সোমবার রোগী কল্যাণ সমিতির বৈঠকে নিজের ইচ্ছার কথা প্রকাশ করেন শিলিগুড়ির বিধায়ক। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক, হাসপাতালের সুপার এবং বিভিন্ন বিভাগের স্বাস্থ্যকর্মীরা।

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শঙ্কর ঘোষ জানান, ‘শিলিগুড়ি জেলা হাসপাতালে প্রতিদিন বিপুল সংখ্যক রোগী চিকিৎসার জন্য আসেন। কিন্তু সেই তুলনায় হাসপাতালের পরিসর যথেষ্ট নয়। তাই হাসপাতালের সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হচ্ছে।’

তিনি জানান, ‘ভবিষ্যতে হাসপাতালের ভিতরে রোগীর পরিবারের সদস্যদের রাত কাটানোর জন্য আলাদা ঘর তৈরি করা হবে। পাশাপাশি যানজট ও পার্কিং সমস্যার সমাধানে নতুন পার্কিং স্পেস তৈরির কথাও ভাবা হচ্ছে।’

আজ স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের উদ্দেশ্যে কড়া বার্তাও দেন বিজেপি বিধায়ক। তিনি বলেন, ‘রোগী এবং তাঁদের পরিবার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ভগবানের রূপে দেখেন। তাই ব্যবহার ভালো হওয়া খুবই জরুরি। সময় মতো হাসপাতালে এসে দায়িত্ব পালন করতে হবে সকলকে।’

তবে রাজনৈতিক আক্রমণের পথ এড়িয়ে গিয়েই বক্তব্য রাখতে দেখা যায় শঙ্কর ঘোষকে। তিনি স্পষ্ট বলেন, ‘আমি দোষারোপের রাজনীতি পছন্দ করি না। অতীতে কি হয়েছে তা দেখার জন্য প্রশাসন রয়েছে। খারাপের পাশাপাশি অনেক ভালো মানুষও কাজ করছেন।’

আগে শিলিগুড়ি জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির দায়িত্বে ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বর্তমানে সেই দায়িত্বে বসতে চলেছেন শঙ্কর ঘোষ। বিজেপি বিধায়কের দাবি, ‘সাধারণ মানুষ বিজেপি সরকারের উপর অনেক আশা ও ভরসা রেখেছেন। তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার মানুষের কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর।’