পশ্চিমবঙ্গের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক IAS নীলম মিনা

25

পৃথা দাশগুপ্ত, কলকাতা: পশ্চিমবঙ্গের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) হলেন IAS নীলম মিনা। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল রাজ্যের নতুন মুখ্যসচিব হয়েছে, আইন অনুসারে তিনি আর মুখ্য নির্বাচনী আধিকারিক থাকতে পারেন না। ফলে বর্তমানে ফাঁকা ছিল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের পদটি। রাজ্যের পরবর্তী CEO কে হবেন সেই নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে মনোজ কুমার আগরওয়ালের জায়গায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হলেন IAS নীলম মিনা।

পশ্চিমবঙ্গের নতুন CEO নীলম মিনা

পশ্চিমবঙ্গের পরবর্তী CEO হিসেবে নীলম মিনা সহ আরও তিনজন IAS আধিকারিকের নাম নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছিল রাজ্য সরকার। নীলম মিনা ছাড়াও দৌড়ে ছিলেন তন্ময় চক্রবর্তী এবং মৌমিতা গোদারা বসু। তিনজনই অভিজ্ঞ এবং নির্বাচন পরিচালনার প্রশাসনিক কাজে দক্ষ বলে তাঁদের নাম কমিশনের কাছে পাঠায় শুভেন্দু অধিকারীর সরকার। সেই তিনজন IAS আধিকারিকের নামের তালিকা থেকে পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে নীলম মিনার নামই বেছে নিল নির্বাচন কমিশন।

১৯৯৮ সালের পশ্চিমবঙ্গ ক্যাডারের IAS অফিসার নীলম মিনা, এর আগে ছিলেন রাজ্য ক্রেতা সুরক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি। দীর্ঘ ২৮ বছর ধরে বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব সামলেছেন এই আধিকারিক। প্রসঙ্গত, রাজ্যের সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনেও গুরুদায়িত্ব সামলেছেন তিনি। ভোটের দিনগুলিতে বুথগুলিতে কড়া নজরদারি ছিল কমিশনের। ভোটকেন্দ্রগুলি রীতিমতো সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হয়েছিল। নির্বাচনের সময় কন্ট্রোল রুমের দায়িত্বে ছিলেন নীলম মিনা। এবার তিনি রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক বা CEO পদে বসতে চলেছেন। সোমবার বিকেলে এই বিষয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে দেশের নির্বাচন কমিশন। সূত্রের খবর কাল অর্থাৎ মঙ্গলবার নতুন দায়িত্ব গ্রহণ করবেন নীলম মিনা।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি