ভাষা শহিদ কমলা ভট্টাচার্যের জীবন আধার নিয়ে তৈরি হবে সিনেমা

27

শুভাশিস চট্টোপাধ্যায়, গুয়াহাটি: ভাষা শহিদ কমলা ভট্টাচার্যের জীবন নিয়ে তৈরি হবে সিনেমা। বরাক উপত্যকার ঐতিহাসিক ১৯৬১ সালের বাংলা ভাষা আন্দোলনের প্রথম ও একমাত্র নারী শহিদ কমলা ভট্টাচার্যের জীবন সংগ্রাম ও আত্মত্যাগে অনুপ্রাণিত হয়ে ‘কমলা’ নামে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হতে চলেছে।

ভাষা শহিদ কমলা ভট্টাচার্য

গুয়াহাটি প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এমনটাই ঘোষণা করল চলচ্চিত্র নির্মাতা প্রযোজনা সংস্থা এসএস এন্টারটেইনমেন্ট। প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার সুমন চক্রবর্তী সাংবাদিকদের জানান কমলা ভট্টাচার্যের জীবন নিয়ে সিনেমা তৈরির উদ্দেশ্য ভাষা আন্দোলনের বিস্মৃত প্রায় ইতিহাসকে পুনরুজ্জীবিত করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। সিনেমায় অভিনয় করবেন ভারত ও বাংলাদেশ উভয় দেশের শিল্পীরা। সিনেমাটি পরিচালনা করছেন বাংলাদেশের পরিচালক প্রদীপ ঘোষ।

চলচ্চিত্র প্রযোজনা সংস্থা এসএস এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে জানানো হয় খুব শীঘ্রই অভিনয়ের জন্য গুয়াহাটি, শিলচর, কলকাতা এবং ঢাকাতে অডিশন নেওয়া হবে। এরফলে অভিনয়ে সুযোগ পাবেন যোগ্য অসমিয়া শিল্পী এবং কলাকুশলীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযোজক ও বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব হৃষিকেশ ভট্টাচার্য, গুয়াহাটি প্রেস ক্লাবের সভাপতি খগেন কলিতা, এসএস এন্টারটেইনমেন্টের নির্বাহী কর্মকর্তা সুমন চক্রবর্তী, সুদীপ্ত ঘোষ ও অম্রপালি দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন ‘বীরকন্যা প্রীতিলতা’-এর পরিচালক প্রদীপ ঘোষ এবং বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব রমেশ ভান্ডারী। আয়োজকদের মতে,‘কমলা’-র মূল উদ্দেশ্য বাংলা ভাষা ও সংস্কৃতির সমৃদ্ধ ইতিহাসকে সংরক্ষণ করার পাশাপাশি বাংলা ভাষা আন্দোলনের বিস্মৃতপ্রায় অধ্যায়কে আন্তর্জাতিক দর্শকদের সামনে তুলে ধরা। চলচ্চিত্রটির শ্যুটিং হবে গুয়াহাটি, শিলচর, কলকাতা এবং ঢাকায়।

শিলচরে ১৯৬১ সালের ১৯ মে অহিংস ভাষা আন্দোলনের উপর পুলিশ গুলি চালালে কমলা ভট্টাচার্য সহ ১১ জন মৃত্যু বরণ করেন। সিনেমায় ধরা পড়বে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় ভাষা আন্দোলনের ইতিহাস এবং প্রেক্ষাপটও। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশি পরিচালক প্রদীপ ঘোষ বলেন, বাংলা ভাষার ইতিহাস কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে সীমাবদ্ধ নয়, এটি সমগ্র বাঙালি জাতির সাংস্কৃতিক পরিচয় এবং সম্মিলিত চেতনার প্রতিনিধিত্ব করে। সিনেমার মাধ্যমে সেই ইতিহাসকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরাই এই সিনেমা তৈরির উদ্দেশ্য। বাংলা, অহমিয়া এবং হিন্দি এই তিনটি ভাষাতে সিনেমাটি সারা দেশ জুড়ে মুক্তি পাবে বলে জানান সিনেমার পরিচালক।