নারায়ণ সরকার,মালদহ : পয়লা জুন মালদায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগেই এই জেলায় ১০০ দিনের কাজ প্রকল্পে কোটি-কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লক পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ মহম্মদ নজিবুর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ। একাধিক প্রকল্পে কাজ না করেই প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ।

২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন নজিবুর রহমান। অভিযোগ, ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ওই পঞ্চায়েতে ১০০ দিনের কাজ প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। যেখানে প্রধানের সঙ্গে যুক্ত ছিলেন পঞ্চায়েতের কর্মীরাও। প্রভাব খাটিয়ে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্যদের আত্মীয়দেরই কাজের বরাত দেওয়ার অভিযোগ।
বুধবার জেলাশাসক ও মহকুমা শাসকের দফতরে লিখিত অভিযোগ দায়ের করেন এলাকাবাসী। যদিও অভিযুক্ত প্রাক্তন প্রধান সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।