ভারতে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে আশার আলো! লিয়োনেল মেসি-রোনাল্ডোদের খেলা দেখা যাবে কোন চ্যানেলে?

46

নিউজ ডেস্ক: ভারতে বিশ্বকাপ সম্প্রচারে মেগা ডিল! ৩০০ কোটিতে স্বত্ব কিনছে কোন চ্যানেল? মিটছে জট, সোমবারের মধ্যেই চূড়ান্ত হতে পারে ভারতের ফিফা বিশ্বকাপ সম্প্রচার চুক্তি!

কাটল অনিশ্চয়তার মেঘ
ভারতের ফুটবলপ্রেমীদের জন্য দুর্দান্ত সুখবর! দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে ভারতে বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার হওয়া নিয়ে জট কাটতে চলেছে।

পিছিয়ে গিয়েছিল সোনি ও রিলায়্যান্স
প্রথমে সোনি পিকচার্স নেটওয়ার্কস এবং রিলায়্যান্স ডিজনি খেলা দেখানোর দৌড়ে ছিল। কিন্তু ফিফার দাবি করা বিপুল টাকার অঙ্কের কারণে শেষ পর্যন্ত দু’টি সংস্থাই পিছিয়ে যায়।

ত্রাতা হয়ে এগিয়ে এল জি (Zee) গোষ্ঠী
নিরাশ ফুটবলপ্রেমীদের মুখে হাসি ফোটাতে একদম শেষ মুহূর্তে আসরে নেমেছে জি (Zee) গোষ্ঠী। তাদের নতুন চারটি চ্যানেলে লিয়োনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের দ্বৈরথ দেখার সম্ভাবনা এখন প্রবল।

দর কষাকষি চূড়ান্ত পর্যায়ে
ফিফার সঙ্গে চুক্তি সই করতে জি গোষ্ঠীকে দিতে হবে প্রায় ৩ থেকে সাড়ে ৩ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২৮৫ থেকে ৩৩২ কোটি টাকা)। এই বিপুল অঙ্কের চুক্তি নিয়েই চলছে শেষ মুহূর্তের আলোচনা।

৪৮ ঘণ্টার মধ্যেই কি সরকারি ঘোষণা?
সূত্রের খবর, ফিফা ও জি-এর দর কষাকষি এখন চূড়ান্ত পর্যায়ে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে, অর্থাৎ আগামী সোমবারের মধ্যেই আসতে পারে বহুল প্রতীক্ষিত সরকারি ঘোষণা!

প্রস্তুতি শুরু মুম্বইয়ের স্টুডিয়োয়
চুক্তি এখনও অফিসিয়াল না হলেও জি গোষ্ঠী আশাবাদী। মুম্বইয়ের লোয়ার প্যারেলের স্টুডিয়োয় ইতিমধ্যেই পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে। বেশ কয়েকজন ফুটবল বিশেষজ্ঞের সাথেও কথাবার্তা সেরে রেখেছে তারা।

একাধিক ভারতীয় ভাষায় ধারাভাষ্য
খেলা দেখার আনন্দ আরও বাড়িয়ে দিতে কোমর বেঁধে নামছে চ্যানেল কর্তৃপক্ষ। শুধু ইংরেজি বা হিন্দি নয়, বেশ কয়েকটি ভারতীয় ভাষায় ম্যাচগুলির ধারাভাষ্যের ব্যবস্থা করা হচ্ছে।

এবারের বিশ্বকাপ কেন স্পেশাল?
আগামী ১১ জুন থেকে শুরু হতে চলা এই ফুটবল মহাযুদ্ধ এবার আরও বড়! ইতিহাসে প্রথমবার ৪৮টি দেশ অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। ম্যাচের মোট সংখ্যা ১০৪টি।

সব ম্যাচ সরাসরি ঘরে বসে!
চুক্তি পাকা হলেই এই ১০৪টি ম্যাচের প্রতিটিই সরাসরি সম্প্রচার করবে জি গোষ্ঠী। টেলিভিশনের পর্দায় বিশ্বকাপের রোমাঞ্চ উপভোগ করতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা!