পৃথা দাশগুপ্ত, কলকাতা: ডিজে মামলায় তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা ৩০ জুন। ইতিমধ্যেই ছাড়পত্র আদালত থেকে পেয়ে গেছে সিআইডি । বুধবার রাত ৯.৩০ টা নাগাদ নোটিস দিতে হঠাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কালীঘাটের বাড়িতে হাজির হন সি আই ডি-র টিম। ডিজে মামলায় তাঁর কণ্ঠস্বর পরীক্ষার আবেদন আদালত যে অনুমতি দিয়েছে, সেই সংক্রান্ত অর্ডারের কপি দিতেই গেছিলেন তাঁরা।
আগামী মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়েস টেস্ট করা হবে। নোটিসে এই কথা উল্লেখ করেই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। বিধানসভা নির্বাচনের প্রচারে এক জনসভা থেকে বিরোধীদের নিশানা করে বলেছিলেন, “আমি দেখব, ৪ তারিখ রাত ১২টার পরে কে বাঁচাতে আসে। এই জল্লাদদের কত ক্ষমতা আছে, আর দিল্লি থেকে কোন বাবা তাঁদের উদ্ধার করতে আসে, সেটাও দেখব। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে, কান ঝালাপালা করে দেব!”
এই মামলার তদন্তভার গ্রহণ করেছে সিআইডি। একাধিকবার জেরা করা হয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে তদন্তকারী আধিকারিকরা।