নাগরিকত্বের নথি নয় পাসপোর্ট, ঘোষণা কেন্দ্রের

5

স্টাফ রিপোর্টার: ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে যে পাসপোর্ট ভারতীয় নাগরিকত্বের নথি নয়, এটি শুধুই ভ্রমণ সংক্রান্ত নথি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাহলে নাগরিকত্বের নথি কী?

পাসপোর্ট

নাগরিকত্বের নথি নয় পাসপোর্ট

১৯৬৭ সালের পাসপোর্ট আইনে পরিষ্কার বলা হয়েছে যে একমাত্র ভারতীয় নাগরিকের পাসপোর্ট থাকতে পারে। অর্থাৎ পাসপোর্টধারী মাত্রেই ভারতীয় নাগরিক। কিন্তু ১৪তম পাসপোর্ট সেবা দিবসে এটি নাগরিকত্বের নথি নয়, ঘোষণা করেছে বিদেশমন্ত্রক। জানানো হয়েছে, পাসপোর্ট শুধুই ‘ট্রাভেল ডকুমেন্ট’, অর্থাৎ ভ্রমণের নথি, নাগরিকত্বের প্রমাণপত্র নয়।

পাসপোর্টকে ভারতীয় নাগরিকত্বের নথি বিবেচনা করা হয়েছিল অসমে

অসমে এনআরসি এবং সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যে এসআইআরেও যদিও পাসপোর্টকে ভারতীয় নাগরিকত্বের নথি বিবেচনা করা হয়েছিল। মজার বিষয় হল, ভোটার পরিচয়পত্র, প্যান কার্ডকে নাগরিকত্বের নথি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি।

বিদেশ মন্ত্রকের ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া

বিদেশমন্ত্রকের ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী কপিল সিব্বল বলেছেন, ভোটার পরিচয়পত্র, আধার কার্ড, প্যান কার্ডের পর পাসপোর্টও নাগরকিত্বের নথি নয়! তাহলে নাগরিকত্বের নথি কী? তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র আরও কড়া প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। তাঁর কথায়, আধার কার্ড, ভোটার কার্ডের পর এবার পাসপোর্টও ব্রাত্য নাগরিকত্বের নথি হিসেবে। তাহলে কি ভারতের নাগরিক তারাই যারা হিন্দু এবং বিজেপির ভোটার, প্রশ্ন মহুয়া মৈত্রের। বর্তমানে ভারতের পাসপোর্টে ২৭টি দেশে ভিসা-মুক্ত প্রবেশের সুবিধা আছে। এ ছাড়া ৪৭ দেশে ভিসা-অন-অ্যারাইভাল এবং ৬৬ দেশে ই-ভিসা সুবিধা পাওয়া যায়।

নাগরিকত্বের প্রমাণপত্র তাহলে কী?

সাম্প্রতিক কালে নাগরিকত্বের প্রমাণপত্র নিয়ে কম কাটাছেঁড়া হয়নি। বিশেষ করে ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR ঘিরে গোটা দেশ জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়, যে বিভ্রান্তি ছড়ায়, তাতে বিতর্ক চরমে পৌঁছয়। সেই নিয়ে শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট জানায়, আধার কার্ডও নাগরিকত্বের পরিচয় নয়। সেটি পরিচয়পত্র হিসেবেই গণ্য হবে। একইভাবে ভোটার পরিচয়রত্রকে বসবাসের পরিচয়পত্র হিসেবে উল্লেখ করা হয়। ফলে বিদেশমন্ত্রকের ঘোষণায় প্রশ্ন উঠছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। প্যান কার্ডও নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে গৃহীত হয় না।

জন্মসূত্রে ভারতের নাগরিক কারা?

• ভারতের নাগরিকত্ব আইন অনুযায়ী, ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে ১৯৮৭ সালের ১ জুলাই পর্যন্ত ভারতে জন্মগ্রহণকারী মানুষ জন্মসূত্রে এ দেশেরই নাগরিক।
• ১৯৮৭ সালের ১ জুলাই থেকে ২০০৪ সালের ৩ ডিসেম্বরের মধ্যে জন্ম যাঁদের, তাঁদের মা-বাবার মধ্যে অন্তত একজনকে ভারতের নাগরিক হতে হবে।
• ২০০৪ সালের ৩ ডিসেম্বরের পর যাঁরা জন্মেছেন, তাঁদের মা-বাবার দু’জনকেই অথবা একজনকে ভারতের নাগরিক হতে হবে। মা-বাবার মধ্যে কেউ বেআইনি অনুপ্রবেশকারী হলে চলবে না।