নিউজ ডেস্ক: বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করলেন অসমের অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া। বাজেটে পরিকাঠামো সম্প্রসারণ, জনকল্যাণ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং নিয়োগ সৃষ্টির ওপর জোর দেওয়া হয়েছে।
আগামী পাঁচ বছরের দিকে লক্ষ্য রেখে বাজেট প্রস্তুত হয়েছে, জানিয়েছেন অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া। অসমের পরিকাঠামো উন্নয়নে ধার্য করা হয়েছে ১০ হাজার কোটি টাকা। এর মধ্যে গুয়াহাটি রিং রোডের জন্য ধার্য ৪৯৫৪ কোটি টাকা।
বিভিন্ন জনমুখী প্রকল্পের জন্য বাজেট ধার্য করা হয়েছে ৬ হাজার কোটি টাকা। চলতি আর্থিক বর্ষে সরকারের লক্ষ্য অন্তত ৩৫ হাজার মহিলাকে আর্থিক সাহায্য দেওয়া। দিব্যাঙ্গ বাহন প্রকল্পের অধীনে সরকারের লক্ষ্য বিশেষভাবে সক্ষম ৩.৭৫ লক্ষকে আওতায় আনা।
চা-বাগানের গর্ভবতী শ্রমিককে ১৫ হাজার টাকা আর্থিক সাহায্যের কথা বলা হয়েছে বাজেটে। এইসঙ্গে ৪৮,৩৬৬ স্নাতক উত্তীর্ণ পড়ুয়া উচ্চশিক্ষার জন্য পাবে মাসিক ২৫০০ টাকা সাহায্য।
অসমে মুখ্যমন্ত্রী কৃষি সরঞ্জাম প্রকল্প আগের মতোই চলবে। এর অধীনে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা ১১ হাজার টাকা এককালীন সাহায্য পাবে। এইসঙ্গে কুইন্টাল পিছু চাল ও গমে ন্যূনতম সহায়ক মূল্যের ওপরে ২০০ টাকা করে পাবেন কৃষকরা। সর্ষে চাষিরা পাবেন কুইন্টাল পিছু অতিরিক্ত ৩০০ টাকা আর্থিক সাহায্য।
আগস্ট মাস থেকে ৬২১ উদাসীন ভক্ট মাসিক ১৫০০ টাকা করে সাম্মানিক পাবেন। আগস্ট মাসেই চালু হবে অসমের জনপ্রিয় প্রকল্প নিযুত মইনা। তবে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে অক্টোবর থেকে। এবছর ৫.৩ লক্ষের বেশি ছাত্রী এই প্রকল্পের সুবিধা পাবে। এই প্রকল্পে উচ্চমাধ্যমিক ছাত্রীরা পায় প্রতি মাসে ১,০০০ টাকা। স্নাতক স্তরের ছাত্রীরা প্রতি মাসে ১,২৫০ টাকা এবং স্নাতকোত্তর স্তরের ছাত্রীরা পায় প্রতি মাসে ২,৫০০ টাকা।
অসমের সবচেয়ে বড় ডায়রেক্ট বেনিফিট ট্রান্সফার প্রকল্প অরুণোদয়। ৪০ লক্ষ মহিলা অরুণোদয় প্রকল্পের সুবিধা পাবেন আগস্ট মাস থেকে।
আগামী পাঁচ বছরে দুলক্ষ নতুন চাকরির লক্ষ্য রাখা হয়েছে বলে জানান অসমের অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া। এর মধ্যে ৩৩ হাজারের বেশি নিয়োগ হবে স্বাস্থ্যক্ষেত্রে।
জয়ন্ত মল্ল বরুয়া বলেন, বর্তমানে অসমের মাথাপিছু আয় ১,৮৫,৪২৯ টাকা। নিজস্ব উৎস থেকে রাজস্ব সংগ্রহের পরিমাণ ৫০ শতাংশে নিয়ে যাওয়া সরকার লক্ষ্য। ২০২৫-২৬ অর্থবর্ষে মূলধনী ব্যয় বৃদ্দি পেয়েছে ২৬,৫৩১ টাকায়।
Next Post