জোড়াবাটে জল সমস্যা দূরে ১৫০ কোটি টাকা

34

নিউজ ডেস্ক: জোড়াবাটে নিত্যদিনের জল সমস্যা দূর করতে অসম সরকার ১৫০ কোটি টাকা খরচ করবে। চলতি বাজেট অধিবেশনে বিধানসভায় জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই অর্থ খরচ করা হবে গুয়াহাটি রিং রোড প্রকল্পের অধীনে।
হিমন্ত বিশ্ব শর্মা বলেন, দুদিন আগে জোড়াবাট এলাকায় আমরা হড়পা বান দেখেছি। গুয়াহাটির রিং রোড প্রকল্পের অধীনে নির্দিষ্টভাবে জোড়াবাটে জল সমস্যা দূর করতে ১৫০ কোটি টাকা খরচ করব। জল সমস্যা কীভাবে দূর করা যায় সেজন্য কারিগরি রূপরেখার খসড়া চলছে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। এটি প্রণয়ন করার আগে টেকনিক্যাল অনুমতি নিতে হবে আইআইটি গুয়াহাটি থেকে।
বিধানসভায় হিমন্ত বিশ্ব শর্মা বলেন, একবার রিং রোড প্রকল্প শুরু হলেই জোড়াবাটের মতো জায়গায় হড়পা বান পরিস্থিতি এড়ানো যাবে। জোড়াবাট হল অসম ও মেঘালয়ের মাঝে খুব গুরুত্বপূর্ণ জায়গা। জল সমস্যায় সেখানে গাড়ি চলাচল রুদ্ধ হয়ে যায়, শেষপর্যন্ত যার প্রভাব পড়ে জনজীবনে।
জোড়াবাটে যান চলাচলের চাপ কমাতে হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন যে ডিগারু-নারেঙ্গি পথ চারলেনের করা হবে, এবিষয়ে অসম সরকার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে জাগিরোড থেকে গুয়াহাটি বা তার আশপাশের যে কোনও জায়গা থেকে গুয়াহাটিতে সহজেই প্রবেশ করা যাবে। ডিগারু-নারেঙ্গি রাস্তা চারলেন বানানোর ক্ষেত্রে ডিমোরিয়া ও দিশপুরের বিধায়ককে বিশেষ নজর দিতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত।