স্যাটেলাইট সিটিতে কাজ পাবে ১ লক্ষ যুবক-যুবতী

27

নিউজ ডেস্ক: গুয়াহাটিকে স্যাটেলাইট সিটি তৈরি করার পরিকল্পনা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। চলতি বাজেট অধিবেশনে দীর্ঘ ভাষণে অসমের বিভিন্ন প্রান্তে পরিকাঠামো, স্বাস্থ্য পরিষেবা এবং যুব সমাজের নিয়োগ নিয়ে একগুচ্ছ প্রতিশ্রুতি দেন তিনি।


হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে আগামী পাঁচ বছরের মধ্যে মানকাচরে একটি মেডিক্যাল কলেজ তৈরি করা হবে। এর ফলে পশ্চিম অসমের বিস্তীর্ণ অংশের মানুষ উন্নত স্বাস্থ্য পরিষেবা কাজে লাগাতে পারবেন।


গুয়াহাটিকে স্যাটেলাইট সিটি করার রূপরেখা তৈরি করছে সরকার। হিমন্তর দাবি, এর ফলে আর্থিক বৃদ্ধি ও নগর সম্প্রসারণের পাশাপাশি অন্তত এক লক্ষ যুব কাজ পাবে। অসমের বিদ্যুৎ উৎপাদন ৮৪৫৭ মেগাওয়াট করার পরিকল্পনা হিমন্তর। আগে এই ক্ষমতা ছিল ৪৫০ মেগাওয়াট।


অসমের পরিবহণ ক্ষেত্রে আগামী পাঁচ বছরে দুলক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী হিমন্ত। এর মধ্যে রেলওয়ে নেওয়ার্ক সম্প্রসারণ, সড়ক সংযোগ এবং বিমানের পরিকাঠামো। যার মূল উদ্দেশ্যে আর্থিক উন্নয়ন এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে মসৃণ সংযোগ।


বিদ্যুৎ উৎপাদন প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উল্লেখ করেন, এই মুহূর্তে উত্তর-পূর্বের সবচেয়ে উন্নত রাজ্য অসম। কিন্তু এখন অরুণাচল প্রদেশ সরকার ৩০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রূপরেখা তৈরি করেছে যার মধ্যে ১০ হাজার মেগাওয়াটের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।


এরপর তিনি বলেন, অরুণাচল প্রদেশে প্রস্তাবিত সব বিদ্যুৎ প্রকল্প শেষ হওয়ার আগামী ১০ বছরে। সেক্ষেত্রে অরুণাচলের জিডিপি অসমের দ্বিগুণ হয়ে যাবে। অসমে কোনও প্রকল্প তৈরি করতে গেলেই একাংশ দল-সংগঠন বিরোধিতা করে। অথচ অন্ধ্রপ্রদেশের মতো অরুণাচলের কয়েকটি গ্রামের বাসিন্দারা স্বেচ্ছায় জমি দিয়েছে রাজ্যের প্রকল্পের জন্য।