নিউজ ডেস্কঃ ককরোচ জনতা পার্টির প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন জানিয়ে ২৮ জুন থেকে যন্তর-মন্তরে অনশন ধর্মঘটে বসেছেন বিশিষ্ট পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। কিন্তু টানা ১৮ দিন অনাহারে থাকার পর ক্রমশ স্বাস্থ্যের অবনতি ঘটছে সোনমের। এনিয়ে উদ্বিগ্ন বুদ্ধিজীবী মহল।
ওয়াংচুকের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তাঁকে অনশন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। প্রকাশ্যে সমর্থন জানিয়ে ওয়াংচুকের পাশে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও।
অনাহারে ১৮ দিন। ক্রমশ অবশ হয়ে পড়ছে শরীর। ৮ কেজি ২০০ গ্রাম ওজন কমেছে ইতিমধ্যে। দাবি একটাই শিক্ষার সংস্কার, শিক্ষা মন্ত্রীর পদত্যাগ।
NEET সহ একাধিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ায় আগে থেকেই বিতর্কে কেন্দ্রিয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে অটল ককরোচ জনতা পার্টি ২০ জুন থেকেই নয়া দিল্লির যন্ত্রর মন্তরে ধর্মঘটে বসেছে। CJP-র এই প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন জানিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট পরিবেশ কর্মী তথা গবেষক সোনম ওয়াংচুক।
২৮ জুন থেকে যন্তর-মন্তরে অনশন ধর্মঘটে বসেছেন লাদাখের পরিবেশকর্মী সোনম। আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েই ধর্মঘটে সামিল হয়েছেন সোনাম। ইতিমধ্যে ১৮ দিন পেরিয়ে গেছে। ক্রমশ স্বাস্থ্যের অবনতি হচ্ছে সোনমের। কিন্তু গণতান্ত্রিক এই আন্দোলন নিয়ে ভ্রূক্ষেপ নেই সরকারের।

প্রকাশ্য ওয়াংচুককে সমর্থন মহুয়া মৈত্র, অখিলেশ যাদবের
ওয়াংচুককে অনশন ভঙ্গের আহ্বান জানিয়েছে বিভিন্ন দল-সংগঠন। কিন্তু সোনমের সাফ কথা ‘আমাকে অনশন ভঙ্গের কথা বলবেন না। সম্ভব হলে সরকারকে প্রশ্ন করুন।’ সরকার আলোচনায় বসতে রাজি নয় কেন, প্রশ্ন ওয়াংচুকের।
মঙ্গলবার স্বাস্থ্যের আরও অবনতি ঘটে সোনমের। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনেকেই। চিকিৎসকদের মতে, সোনমের শরীরে সুগার লেভেল দ্রুতগতিতে কমছে। কমে আসছে রক্তচাপও।
কিন্তু এসবের পরও নিজেদের অবস্থানে অটল কেন্দ্র সরকার। ওয়াংচুকের আমরণ অনশন বা এই গণতান্ত্রিক প্রতিবাদকে সামান্যতম গুরুত্বও দিচ্ছে না বা দেবে না নরেন্দ্র মোদী সরকার। এটা উল্লেখ করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের আহ্বান, ‘দয়া করে অনশন প্রত্যাহার করুন। আপনি আপনার লক্ষ্যে সফল। আমাদের জন্য আপনার বেঁচে থাকা জরুরি।’
এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ওয়াংচুকের পাশে দাঁড়িয়েছেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও। কেন্দ্র সরকারের কাছে এসব আন্দোলনের কোনও গুরুত্ব নেই, তাই ওয়াংচুককে নিজের স্বাস্থ্যের কথা ভাবা উচিত, পরামর্শ অখিলেশের।
ওয়াংচুকের পাশে দাঁড়িয়েছেন থ্রি ইডিয়টসের ‘চতুর’ও। আমির খান অভিনীত বিখ্যাত ছবি থ্রি ইডিয়টসের অন্যতম মুখ্য চরিত্র চতুরের ভূমিকায় অভিনয় করা অভিনেতা ওমি বৈদ্য মঙ্গলবার এক ভিডিও বার্তার মাধ্যমে ওয়াংচুককে সমর্থনের কথা জানিয়েছেন প্রকাশ্যে। ওয়াংচুককে সম্ভাব্য সব সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছেন ‘চতুর’। ভিডিও বার্তায় ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতির কথা উল্লেখ করে সবাইকে তাঁর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ওমি।
তবে সোশ্যাল মিডিয়ায় ওমির এই ভিডিও প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে নতুন বিতর্কেরও। ভিডিও প্রকাশ্যে আসার পরও থ্রি ইডিয়টসের অন্য অভিনেতারা নীরব থাকায় উঠে আসছে নতুন প্রশ্ন। প্রশ্ন উঠছে আমির খানকে নিয়েও। সহ-অভিনেতা ওমি ভিডিও পোস্ট করার পরও কেন নীরব আমির, এই প্রশ্ন এখন ঘুরছে সামাজিক মাধ্যমে।
আইনজীবী প্রশান্ত ভূষণ লিখেছেন, থ্রি ইডিয়টসের অন্তত একজন অভিনেতা ওয়াংচুককে সমর্থন জানিয়েছেন। কিন্তু এখনও নিজের অবস্থান স্পষ্ট করেননি আমির খান। প্রবীণ অভিনেত্রী জিনত আমনও ওয়াংচুকের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় বিশাল পোস্ট করেছেন। কিন্তু বলিউডের অন্য অভিনেতা-অভিনেত্রীরা রহস্যজনকভাবে বিষয়টি নিয়ে চুপ। এনিয়েও তোলপাড় সোশ্যাল মিডিয়া।