উজানের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী, পর্যাপ্ত সাহায্যের আশ্বাস

11

স্টাফ রিপোর্টার: উজান অসমের বন্যা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। জল কিছুটা কমলেও পরিস্থিতির উন্নতি হয়নি। বুধবার বন্যা বিধ্বস্ত একাধিক জেলা ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী। বন্যার্তদের খোঁজ নিলেন সাংসদ গৌরব গগৈও।
বুধবার থেকে ফের শুরু হয়েছে অসম বিধানসভার বাজেট অধিবেশন। কিন্তু উজানের বন্যা পরিস্থিতি জটিল হওয়ার দরুন বাজেট অধিবেশন ছেড়ে বন্যার্তদের কাছে মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা। এদিন নাজিরা, সোনারি, টিয়কের বেশ কিছু বন্যাক্রান্ত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ত্রাণ শিবিরে গিয়ে বন্যাক্রান্তদের সঙ্গে কথাও বলেন তিনি। সরকার সামর্থনুযায়ী মানুষকে সাহায্য করবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি স্বীকার করে নেন, এখনও বহু গ্রামে মানুষ জলের মধ্যে আবদ্ধ হয়ে আছেন। সরকার বা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের কাছে এখনও পৌছানো যায়নি। মঙ্গলবার হেলিকপ্টারে উদ্ধারের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তা সম্ভব হয়নি।
‘বন্যায় ক্ষয়ক্ষতি নিয়ে এই মুহূর্তে হিসেব দেওয়া মুশকিল। কারণ সরকারিভাবে যে ক্ষয়ক্ষতির খবর এসেছে, তার থেকে অনেক গুণ বেশি ক্ষতি হয়েছে। তাই ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে আরও সময় লাগবে।’ সোনারিতে সাংবাদিকদের একথা জানান মুখ্যমন্ত্রী।
এদিকে, মঙ্গলবার রাতে যোরহাটের বন্যাক্রান্ত এলাকা পরিদর্শন করেন এপিসিসি সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ। তিতাবর শহর সহ প্রায় ৪৭ টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বন্যা পরিস্থিতির আগে সরকার মানুষকে সতর্ক করলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হত।
নাগা পাহাড় থেকে নেমে আসা হড়পা বানে তছনছ গোটা উজান অসম। যে সব এলাকায় কখনও বন্যা হয়নি, সেই সব এলাকায় কোথাও বুক জল, তো কোথাও কোমর জল। তিনচার দিন অতিক্রান্ত হলেও এখনও সব বন্যাক্রান্তদের কাছে পৌছতে পারেনি প্রশাসন। এককথায় ভয়ঙ্কর পরিস্থিতি উজান অসমে।