নিউজ ডেস্ক: অসমে ভয়াবহ বন্যায় মৃত্যু হয়েছে ৮২ জনের। বন্যাত্রাণ ও দুর্গতদের উদ্ধারে দিনরাত কাজ করছে প্রশাসন। বন্যার্তদের আর্থিক সাহায্যের জন্য বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে অসম সরকার। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিবসাগর ও চরাইদেও জেলার নামঘরগুলিকে এককালীন দেড় লক্ষ টাকার সাহায্য দেবে সরকার।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, শিবসাগর, চরাইদেও, যোরহাট এবং গোলাঘাট জেলার বাসিন্দারা ঋণ পরিশোধের ক্ষেত্রে সুবিধা পাবেন। ব্যাংক থেকে যারা ঋণ নিয়েছে তাদের পরিশোধের সময়সীমা আরও ছয় মাস বাড়ানো হবে মোরাটোরিয়াম হিসেবে।
এ ছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত ছোট দোকানদারদের দেওয়া হবে ১০ হাজার টাকার অতিরিক্ত ঋণ। হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, রাজ্য স্তরের ব্যাংকার কমিটির সঙ্গে এবিষয়ে আলোচনা হয়েছে। এই ব্যবস্থায় তারা সম্মত হয়েছে।
বন্যাক্রান্ত শিবসাগর, চরাইদেও, যোরহাট ও গোলাঘাট জেলার মহিলারা অরুণোদয়ের সুবিধা পাবেন ২৫০০ টাকা। সরাসরি ব্যাংকে এই টাকা ঢুকবে ১ আগস্ট। রাজ্যের ৩৭.১ লক্ষ মহিলা অরুণোদয়ের টাকা পাবেন ওই একই দিনে।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে অক্টোবরে ৫ লক্ষ পড়ুয়াকে দেওয়া হবে ৩০০ কোটি টাকা। যা সাহায্য করবে তাদের পড়াশোনায়। ১০ আগস্ট থেকে ৭০ লক্ষ অসমবাসী পাবে সস্তায় রেশন। রেশন কার্ড পিছু ১০০ টাকায় পাওয়া যাবে এক কেজি ডাল, এক কেজি চিনি।