পাস প্রশ্নফাঁস সংস্কার বিল, ভিডিয়োবার্তা প্রধানমন্ত্রীর

22

নিউজ ডেস্ক: লোকসভার পর রাজ্যসভাতেও পাস হয়ে গেল প্রশ্নফাঁস সংস্কার বিল। এবিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিয়ো পোস্ট করে বলেছেন, দেশের পরীক্ষা পদ্ধতিকে নির্ভরযোগ্য করে তোলার জন্য টাস্ক ফোর্স গঠন থেকে শুরু করে ফাস্ট ট্র্যাক আদালত— অনেক কিছু করা হয়েছে। গত কয়েক দশক ধরে প্রত্যেক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই ধরনের প্রশ্নফাঁসের সমস্যা হচ্ছে। দেশব্যাপী, রাজ্য এবং কেন্দ্রের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন অনিবার্য। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার আবশ্যক হয়ে পড়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেছেন, প্রশ্নফাঁস মাফিয়াদের বরদাস্ত করা হবে না। তার জন্য কঠোর আইন জরুরি। সেজন্যই এই বিল। উভয় কক্ষে বিল পাস হয়েছে। পরীক্ষা পদ্ধতিকে বিশ্বাসযোগ্য করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা কাজ মিটল।
নতুন বিলে প্রশ্নফাঁস এবং পরীক্ষা সংক্রান্ত যে কোনও অনিয়মে কঠোর শাস্তির বিধান রয়েছে। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত বা পরীক্ষায় যে কোনও অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তির ন্যূনতম পাঁচ বছর এবং সর্বোচ্চ ১০ বছরের জেল হতে পারে। ৫০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানারও বিধান রয়েছে বিলে। এ ছাড়া, সংগঠিত অপরাধের ক্ষেত্রে এই বিলে সাত বছরের জেল এবং ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানার প্রস্তাব রয়েছে।
নতুন বিল নিয়ে এর আগে, রাহুল গান্ধী বলেছেন, এই বিলে সরকার স্বীকার করে নিয়েছে যে প্রশ্নফাঁস চলতেই থাকবে। সেজন্যই শাস্তি ও জরিমানা বৃদ্ধি করা হয়েছে। এতে শিক্ষাব্যবস্থার সংস্কারের বিষয়টি নেই।