কলকাতার মাটি ছুঁলেন তসলিমা নাসরিন

32

পৃথা দাশগুপ্ত,কলকাতা: দীর্ঘ ১৯ বছর পর কলকাতায় পা রাখলেন সাহিত্যিক তসলিমা নাসরিন। যে শহর একসময় তাঁর সাহিত্যচর্চা, বন্ধুত্ব এবং স্মৃতির বন্ধন ছিল, সেই শহরেই ফিরলেন তিনি। লাল পাড়, সাদা শাড়ি, চোখে একরাশ ভাললাগা , আবেগ , নস্টালজিয়া। তাঁর এই প্রত্যাবর্তন ঘিরে তৈরি হয়েছে আবেগ, কৌতূহল। অনুরাগীদের ভিড় বিমানবন্দরে।

সাহিত্যিককে স্বাগত জানাতে হাতে তাঁর ছবি দেওয়া ব্যানার নিয়ে অপেক্ষা করছিলেন বন্ধু ও অনুরাগীরা। প্রায় দুই দশক পর তাঁকে ফিরে পেয়ে অনুরগীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো।

২০০৭ সালে ‘লজ্জা’ উপন্যাসকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভ। তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে তসলিমাকে কলকাতা ছাড়তে হয়। এরপর দীর্ঘ ১৯ বছর পর তিনি আবার কলকাতায় ফিরলেন। ফলে এই সফর শুধু ব্যক্তিগত নয়, সাহিত্য, মতপ্রকাশের স্বাধীনতা এবং সামাজিক আলোচনার ক্ষেত্রেও বিশেষ তাৎপর্য বহন করছে।

আগামীকাল, ১ আগস্ট কলকাতার ঐতিহাসিক রবীন্দ্র সদনে আয়োজিত উগ্রপন্থা-বিরোধী সাহিত্য সম্মেলনে অংশ নেবেন তসলিমা নাসরিন। সেখানে তিনি কবিতা পাঠের পাশাপাশি বক্তব্যও রাখবেন। কলকাতায় ফিরে তিনি এই অনুভূতিকে “নিজের ঘরে ফেরার মতো” বলে বর্ণনা করেছেন। এই অনুষ্ঠানে থাকার সম্ভাবনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ও।‌

দিল্লি থেকে কলকাতার বিমানে ওঠার আগে ফেসবুকে পোস্ট দেন তিনি।ক্যাপশনে লেখেন, “আজি এ প্রভাতে কলিকাতা অভিমুখে যাত্রা করিলাম।” শুভেচ্ছার বন্যায় ভাসতে থাকে তাঁর সমাজ মাধ্যম।