নিউজ ডেস্ক : প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরাখণ্ড। আপাতত স্থগিত কেদারনাথ যাত্রা। ধস নেমেছে গৌরীকুণ্ড গেটের ২০০ মিটারের মধ্যে। তীর্থযাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে উত্তরাখণ্ড সরকার আপাতত কেদারনাথ যাত্রা বন্ধ রেখেছে।
টানা কয়েকদিন মুষলধারে বৃষ্টিপাতের জেরে মন্দাকিনী নদীর জলস্তর বিপদ সীমার উপর দিয়ে বইছে। এমনকি পাহাড় থেকে বড় বড় পাথরের চাং রাস্তার উপর পড়ায় সড়ক এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। সোনপ্রয়োগে আপাতত তীর্থযাত্রীদের আটকে রাখা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে রাস্তা পরিষ্কারের কাজ। কিন্তু ক্রমাগত বৃষ্টি এবং পাহাড়ি ঢাল থেকে ক্ষণে ক্ষণে পাথর ঝরে পড়ার কারণে উদ্ধারকাজে বারবার বাধা সৃষ্টি হচ্ছে।

মন্দাকিনী নদীর জলস্তর এতটা বেড়েছে যে কেদারনাথ জাতীয় সড়কের একটি বড় অংশ সম্পূর্ণ নদীগর্ভের তলিয়ে গেছে। নিচু এলাকার বাসিন্দাদের ঝুঁকি দিনের পর দিন বাড়ছে। প্রায় ৮০টি গ্রামের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। কেদারনাথের পথের পাশাপাশি চামোলি জেলার পোখরি-রুদ্রপ্রয়াগ জাতীয় সড়ক সম্পূর্ণ বিপর্যস্ত। যমুনোত্রী জাতীয় সড়কও বন্ধ।
অন্যদিকে, পুরো রাজ্য জুড়েই দুর্যোগের আবহ তৈরি হয়েছে। মৌসম ভবনের পক্ষ থেকে উত্তরাখণ্ডে নতুন করে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির কারণে রাজ্যজুড়ে বিভিন্ন নদীতে দ্রুত জলস্তর বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই ভাগীরথী নদী থেকে ১০০ কিউসেক জল ছেড়েছে উত্তরকাশী জেলা প্রশাসন। যার ফলে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।