নিউজ ডেস্ক: অসমে ভয়াবহ বন্যায় মৃত্যু হয়েছে ৮২ জনের। বন্যার্তদের সাহায্যে বিভিন্ন প্রতিশ্রুতি ঘোষণা করেছে রাজ্য সরকার। উজান অসমের শিবসাগর, চরাইদেও, যোরহাট এবং গোলাঘাট জেলায় বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এই চার জেলার বন্যার্তদের পরিবার পিছু ১৫ হাজার টাকা দেবে অসম সরকার। সংশ্লিষ্ট পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে ২ বা ৩ আগস্ট, জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
বন্যায় বিভিন্ন প্রাথমিক স্কুলের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি ক্ষতি হয়েছে পড়ুয়াদের বইপত্র-পোশাকের। চার জেলায় পড়ুয়াদের জন্য ইতিমধ্যে পাঠ্যবই পৌঁছনোর কাজ শেষ হয়েছে। ৭ আগস্ট থেকে সরকার বন্যায় ক্ষতিগ্রস্তদের একটি জরিপ করবে। ১৫ দিনের মধ্যে চরাইদেও, শিবসাগর, যোরহাট ও গোলাঘাট জেলায় জরিপের কাজ শেষ হয়ে যাবে। তারপর ক্ষতিগ্রস্ত স্কুলগুলিকে ২ থেকে ৩ লক্ষ টাকা সাহায্য করবে সরকার, জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। স্কুলের পোশাকের জন্য ৮ কোটি টাকা খরচ করবে সরকার। এই পোশাক পাবে বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার পড়ুয়ারা।
হিমন্ত জানিয়েছেন যে চরাইদেও, শিবসাগর, যোরহাট ও গোলাঘাট জেলায় স্কুলের পঠনপাঠন ৯ আগস্ট থেকে চালু করার চেষ্টায় রয়েছে সরকার। তবে সেটা নির্ভর করছে ক্ষতিগ্রস্ত রাস্তা এবং অন্যান্য পরিকাঠামো এই সময়ের কতটা ঠিক করা যায় তার ওপর।