রাস্তার ধারেই হিন্দু-মুসলমান একাধিক মৃতদের সৎকার, বন্যা পীড়িত অসমে সম্প্রীতির ছবি

24

নিউজ ডেস্ক: অসমে ভয়াবহ বন্যায় মৃত ৮২। রাস্তার ধারেই চলছে মৃতদের সৎকার। পাশাপাশি হিন্দু ও মুসলমানের সৎকারের দৃশ্য নাজিরায়। দুঃখ-বেদনা, ঐক্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতির অভূতপূর্ব ছবি। নাজিরার রাস্তার পাশে হিন্দু প্রথা মেনে দহা করছে হিন্দু অসমিয়ারা আর তার পাশেই চলছে বন্যায় মৃত এক মুসলমানের দশম দিনের প্রার্থনা।
একই গ্রামের দুটি পরিবার বন্যায় হারিয়েছে প্রিয়জনকে। একই জায়গায় সৎকারের ব্যবস্থা করেছিল দুই পরিবার, বন্যার মারাত্মক প্রভাবে কোনও পরিবারই নির্দিষ্ট স্থানে মৃতদেহের সৎকার করতে পারেনি। জলের স্রোত থেকে প্রতিবেশী রাহেনা আর বেগমকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয়েছে রাতুল সাওরার। জলের তোড়ে দুজনেরই মৃত্য ঘটে। তারপরই দুই পরিবার স্থির করে মৃতদের সৎকার হবে একই জায়গায়। বেদনার সন্তানদের একসূত্রে গেঁথেছে ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়।
দুটি পরিবারের ঘরবাড়ি জলে ভেসে গেছে। স্বাভাবিকভাবেই নির্দিষ্ট স্থানে সৎকার করার সুযোগ ছিল না। রাস্তার পাশে মৃতদেহর সৎকারের ব্যবস্থা করে অসমের সংগঠন বীর লাচিত সেনা। সৎকারের সময় ছিলেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, সমাজকর্মী ইমদাদ আলি এবং স্থানীয় বাসিন্দারা।
গ্রামবাসীরা সহায়তায় দুটি ধর্মের পরিবার পাশাপাশি মৃতদেহ সৎকার করে। একই রাস্তার পাশে দুটি ধর্মের সৎকার প্রথায় সাহায্য করেছেন উপস্থিত গ্রামবাসী, সমাজকর্মরা। এই সৎকার অসমের সামাজিক সম্প্রীতির অনন্য উদাহরণ হয়ে থেকে যাবে।