কালীঘাট তৃণমূলকে সতর্ক কলকাতা হাইকোর্টের, ২১ শে জুলাইতে সমর্থক বেঁধে দেওয়ার পর‌ও কেন কলকাতা হাইকোর্টের নির্দেশ মানা হল না?

21

পৃথা দাশগুপ্ত,কলকাতা:২১ জুলাই নিয়ে কালীঘাট তৃণমূলকে সতর্ক করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের কড়া মন্তব্য, ভবিষ্যতে আদালতের নির্দেশ না মানলে কঠোর পদক্ষেপ করা হবে।

২১ জুলাই সভার অনুমতি নিয়ে মামলা করেছিল তৃণমূল কংগ্রেস। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন আদালতে। সেই মামলাতেই রাজ্যের তরফে একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতে পর্যবেক্ষণ আদালতের।

ওই রিপোর্টে উল্লেখ রয়েছে, পর্যাপ্ত পুলিশ ছিল। সমর্থকদের সংখ্যা বেঁধে দেওয়ার পরেও তৃণমূলের পক্ষ থেকে সেই নির্দেশ মানা হয়নি। ফলে ক্যাথিড্রাল রোডের দুটি রাস্তা ব্লক হয়ে যায়। অথচ একটি রাস্তা খোলা রাখার কথা বলা হয়েছিল। বাস্তবে তা মানা হয়নি বলে অভিযোগ।

কলকাতা পুলিশের রিপোর্ট দেখে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ভবিষ্যতে আদালতের নির্দেশ অমান্য করা হলে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। আদালতের নির্দেশ অমান্য করার ঘটনা আর মেনে নেওয়া হবে না।

উল্লেখ্য, কালীঘাট তৃণমূলের ২১ জুলাইয়ের সভাস্থল নির্বাচন নিয়ে জল গড়িয়েছিল কলকাতা হাইকোর্ট পর্যন্ত। ওই মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন, বিড়লা তারমণ্ডলের সামনে সভা হবে শর্তসাপেক্ষে ‌।‌ সেই শর্তের মধ্যে ছিল, সর্বাধিক ২৫০০ হাজার কর্মী -সমর্থক নিয়ে পালন করতে হবে শহিদ দিবস। বিড়লা তারামণ্ডলের সামনে একদিকের রাস্তা আটকে সভা করতে হবে। পুলিশের রিপোর্টে অভিযোগ, আড়াই হাজারের বেশি সমর্থক নিয়ে সভা করেছে কালীঘাট তৃণমূল। এমনকী রাস্তা নিয়ে যে নির্দেশ দেওয়া হয়েছিল, তাও মেনে চলেননি তৃণমূল কংগ্রেস।‌