ইথানল না মেশালে পেট্রলের দাম হত ১২৫ টাকা পেট্রলে ইথানল নিয়ে বিবৃতি সরকারের

41

নিউজ ডেস্ক: ইথানল না মেশালে পেট্রলের দাম হত ১২৫ টাকা। যা এখন পাওয়া যাচ্ছে ১০২ টাকায়। এর ফলে পেট্রলের দামে গ্রাহকদের ২০ শতাংশ সাশ্রয় হচ্ছে, দাবি সরকারি বিবৃতিতে।
ইরান-আমেরিকা যুদ্ধের সময় বিশ্ববাজারে অশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে হয়ে গিয়েছিল ১৩৫ ডলার। এখন সেই দাম কমলেও দেশে পেট্রল-ডিজেলের দাম কমেনি। বরং মে মাসে লিটারে সাড়ে সাত টাকা বেড়েছে পেট্রলের দাম। ই-২০ পেট্রলের দাম ১০২.১২ টাকা।
লোকসভায় ডিএমকে সাংসদ টি সুমাথির প্রশ্নের উত্তরে পেট্রলিয়াম ও প্রাকৃতিক মন্ত্রকের প্রতিমন্ত্রী সুরেশ গোপী বলেছেন, পেট্রলে ২০ শতাংশ ইথানল না মেশালে পেট্রলের দাম হত ১২৫ টাকা। সেখানে দিল্লির গ্রাহকরা দিচ্ছেন ৯৪.৭৭ টাকা। বিভিন্ন মহলে প্রশ্ন উঠলেও সরকার অবশ্য কিছুতেই মানতে চায়নি যে ইথানল মেশানো পেট্রলে গাড়ির ক্ষতি হচ্ছে।
সরকারি বিবৃতি বলা হয়েছে যে ল্যাবরেটরিতে ব্যাপক পরীক্ষা ও বিশ্লেষণের পর ই-২০ পেট্রল বাজারে ছাড়া হয়েছে। গাড়ির গতি, ইঞ্জিনে ই-২০ পেট্রল কোনও বিরূপ প্রভাব ফেলে না। অটোমোটিভ রিসার্চ অ্যাসোসিয়েন, ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব পেট্রলিয়ামের মতো বিভিন্ন সংস্থাকে দিয়ে ব্যাপক পরীক্ষা ও বিশ্লেষণ করানো হয়েছে ই-২০ পেট্রল, জানানো হয়েছে বিবৃতিতে।
সরকার জানিয়েছে, গত সাড়ে তিন বছর ধরে ই-১৫ পেট্রল বাজারে চলছে। অন্তত ২০ কোটি দুচাকার গাড়ি এবং ৩ কোটি চারচাকার গাড়ি এই পেট্রল ব্যবহার করেছে, কোনও অভিযোগ আসেনি।