টিভিতে যা দেখাচ্ছে তার চেয়েও পরিস্থিতি খারাপ: হিমন্ত

40

নিউজ ডেস্ক: বন্যাবিধ্বস্ত অসমের শিবসাগর ও চরাইদেও জেলা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বন্যার ভয়াবহতা দেখে মুখ্যমন্ত্রীর প্রথম প্রতিক্রিয়া, টিভিতে যা দেখাচ্ছে পরিস্থিতি তার চেয়েও খারাপ। শুধু আর্থিক সাহায্য বন্যাপীড়িতদের স্বাভাবিক জীবন যাপনের জন্য যথেষ্ট নয়।
শিবসাগরে ট্রাক্টরে চেপে বন্যাবিধ্বস্ত অঞ্চল পরিদর্শন করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শিবসাগরের বিহুবর, নেপালি খুটি, বেতবাড়ি এবং নিমাইজান এলাকার সব ঘরবাড়ি বন্যার জলে বিধ্বস্ত। হিমন্ত বলেছেন, বিহুবর, নেপালি খুটি, বেতবাড়ি এবং নিমাইজানে একটি ঘরও আস্ত নেই। সরকারের তরফে সব বাড়িঘর ঠিক করে দেওয়া হবে। পুনর্বাসন এবং পুনর্নির্মাণে জোর দিচ্ছে সরকার।
বন্যার জলে নেপালি খুটির বাড়িঘর, গৃহপালিত জীবজন্তুর ব্যাপক ক্ষতি হয়েছে। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তো বটেই এমনকি আবশ্যক নথিপত্র ভেসে গেছে অনেকের। সরকারের তরফে বিভিন্ন আর্থিক সহায়তা ঘোষণা করা হলেও সেটা বন্যার্তদের জন্য অপ্রতুল স্বীকার করেছেন হিমন্ত বিশ্ব শর্মা।
হিমন্ত বলেছেন, যেসব অঞ্চল বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত সেখানে ঘরবাড়ি নতুন করে সংস্কার, বিধ্বস্ত সরকারি পরিকাঠামো গড়ে তোলার দিকে নজর দেবে সরকার। এত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যে খুব দ্রুত স্বাভাবিক জীবন প্রায় অসম্ভব।
অসমে চলতি বন্যায় প্রাণ গেছে ৮৫ জনের। বহু কৃষিজমি জলের তলায়। ভেসে গেছে গৃহপালিত জীবজন্তু। রাস্তাঘাট ভেঙে গেছে, উড়ে গেছে সেতু। এখনও অনেকে আশ্রয় শিবিরে রয়েছেন। হিমন্ত বলেছেন, বন্যায় এই ক্ষতি অভাবনীয়। এবার লড়াই স্বাভাবিক জীবন যাপনে ফেরার।