একটি মামলায় আগাম জামিন, অন্য একটি মামলায় নাকচ জামিন, মহা ফাঁপরে অভিষেকের পিএ

38

পৃথা দাশগুপ্ত,কলকাতা: আপাতত সুমিত রায় বেপাত্তা। এবার কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। আজ শালবনির জমি প্রতারণা মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়কের আগাম জামিনের আর্জি খারিজ করে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ১০ দিনের মধ্যে তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করতে নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। তবে ডেবরায় তাঁর বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রে আগাম জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট।

শালবনিতে জমি প্রতারণা মামলায় সুমিতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল মেদিনীপুর আদালত। এমনকি, সুমিত রায়ের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেও তল্লাশি চালায় শালবনি থানার পুলিশ। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তাঁকে পাওয়া যায়নি। তারপর থেকেই বেপাত্তা অভিষেকের পিএ। হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। শালবনির মামলায় তাঁর সেই আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট‌।

আজ মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, শালবনি মামলায় তাঁর বিরুদ্ধে তাৎপর্যপূর্ণ অভিযোগ রয়েছে। তাই তদন্ত চালিয়ে যাবেন তদন্তকারীরা। ১০ দিনের মধ্যে তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করতে হবে তাঁকে। অন্যদিকে, ডেবরায় চাকরি প্রতারণা মামলায় সুমিতের আগাম জামিনের আবেদন মঞ্জুর করেন বিচারপতি।

তাহলে এবার কি পুলিশের জালে ধরা পড়বেন অভিষেকের আপ্ত সহায়ক? হাইকোর্টের নির্দেশ মেনে ১০ দিনের মধ্যে পুলিশকে সুমিত কীভাবে সহযোগিতা করেন, সেটাই এখন দেখার।