নিউজ ডেস্ক: মেঘালয় স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড (MSPCB)-এর দফতরে পেট্রোল বোমা হামলার অভিযোগ। মেঘালয়ের রাজধানী শিলংয়ে সোমবার দুপুরে এই হামলা হয়। সেই সময় অফিসের ভিতরে কর্মীরা উপস্থি ছিলেন। তবে কেউ আহত হননি। সূত্রের খবর, দুপুর প্রায় ১২টা ১৫ মিনিটে মুখোশ পরা দুই ব্যক্তি একটি স্কুটিতে করে অফিস চত্বরে ঢোকে। পরপর দুটি পেট্রোল বোমা ছুড়ে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনার পরই এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। হামলার কারণ এখনও স্পষ্ট নয়।
শিলং সিটির পুলিশ সুপার ডাংসান খাইরিয়েম জানান, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। এই হামলার সঙ্গে সাম্প্রতিক চুনাপাথর খনি প্রকল্প ঘিরে হওয়া বিক্ষোভের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কয়েক দিন আগেই ইস্ট জৈন্তিয়া হিলস জেলার লুম সিরমান এলাকায় শ্রী সিমেন্টের প্রস্তাবিত চুনাপাথর খনি প্রকল্প নিয়ে একটি গণশুনানির আয়োজন করেছিল MSPCB। পরিবেশ ও জীবিকার উপর সম্ভাব্য প্রভাবের আশঙ্কায় স্থানীয় বাসিন্দা, কৃষক এবং বিভিন্ন নাগরিক সংগঠন দীর্ঘদিন ধরেই ওই প্রকল্পের বিরোধিতা করে আসছেন। এর আগে মে মাসে প্রবল বিক্ষোভের জেরে একই প্রকল্প সংক্রান্ত একটি গণশুনানিও বাতিল করতে বাধ্য হয়েছিল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। বর্তমানে পেট্রোল বোমা হামলার সঙ্গে এর কোনও যোগ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।
Next Post