অসমে বেআইনি খনন নেই, দাবি হিমন্তর

28

নিউজ ডেস্ক: অসমে বেআইনি কোনও খননের কাজ চলছে না, দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। টানা তিনদিন ধরে উজান অসমে বন্যাবিধ্বস্ত অঞ্চল পরিদর্শন করছেন হিমন্ত বিশ্ব শর্মা। শিবসাগর ও চরাইদেও জেলার বন্যাবিধ্বস্ত অঞ্চল ঘুরে দেখার ফাঁকে হিমন্ত বলেন, গত দুদিন ধরে বন্যার্তদের সঙ্গে কথা বলছি এবং তাদের ক্ষতি পূরণের আশ্বাস দিয়েছি। ৯ আগস্ট থেকে সরকারের প্রতিনিধিরা বন্যার ক্ষতি মূল্যায়নের কাজ শুরু করবে। যত দ্রুত সম্ভব বন্যার্তদের অন্যান্য ক্ষতিপূরণ করবে সরকার।
অসমের মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে ডেপুটি কমিশনার বন্যার্তদের একটা প্রাথমিক খসড়া দিয়েছেন। আমরা সেটা খতিয়ে দেখব। ইতিমধ্যে এক লক্ষ মানুষকে চিহ্নিত করা হয়েছে যাদের সহায়তা প্রয়োজন। হিমন্ত জানিয়েছেন, বন্যার্তদের জন্য স্বল্পস্থায়ী শিবিরের ব্যবস্থা করা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি সংস্কার হওয়া পর্যন্ত তারা আশ্রয় শিবিরে থাকতে পারবে।
অতিরিক্ত বৃষ্টিতে নদীর জলস্তর বৃদ্ধির কারণে উপচে পড়া জল বের হচ্ছে না বলে জানান হিমন্ত। তিনি বলেন, বাড়তি জল নদীতে ফেলা যাচ্ছে না। কেননা ভারী বৃষ্টির ফলে নদীর জলস্তরও বৃদ্ধি পেয়েছে। সরকার চেষ্টা করছে অতি দ্রুত জল সরিয়ে ফেলার। এজন্য জাতীয় সড়ক পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশনকে অনুরোধ করা হয়েছে সরকারের তরফে যাতে অতিরিক্ত নালা-নর্দমা তৈরি করে জমা জল সরিয়ে নেওয়া যায়।
প্রতিবেশী নাগাল্যান্ডে অবৈধ খননের ফলে অসমে জল বাড়ছে। এপ্রসঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, আমি অসমের মুখ্যমন্ত্রী। নাগাল্যান্ডে অবৈধ খনন আমি বন্ধ করতে পারি না। এই বিষয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলব। অসমে কোনও অবৈধ খনন হচ্ছে না। সমস্যার প্রকৃত কারণ চিহ্নিত করতে একটি বৈজ্ঞানিক সমীক্ষা দরকার, বলেন হিমন্ত। বন্যাপ্রবণ অঞ্চলে গার্ডওয়াল, নদীর পাড় বাঁধানো দরকার বলে মন্তব্য করেন অসমের মুখ্যমন্ত্রী।
বন্যার্ত প্রতিটি পরিবারকে ১০ লক্ষ টাকা সাহায্য করার আবেদন জানিয়েছেন শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। এপ্রসঙ্গে হিমন্ত বলেন, যদি সম্ভব হত আমরা দশ লক্ষেরও বেশি টাকা দিতাম বন্যার্ত পরিবারকে, কিন্তু আমরা সরকার চালাচ্ছি, সরকারের আর্থিক অবস্থা কী, সেটা আমরা জানি। এরপরই অখিল গগৈকে কটাক্ষ করে হিমন্ত বলেন, বন্যার জলে সাঁতার কাটার একটি রিল পোস্ট করেছেন অখিল গগৈ। কিন্তু প্রশ্ন হল তিনি কাকে বাঁচিয়েছেন।
অসমের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার শিবসাগর ও চরাইদেও জেলার বিভিন্ন অঞ্চলে যাবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা।