অসমের বন্যায় মৃত ৮৯,টানা বৃষ্টিতে জলমগ্ন গুয়াহাটি

43

নিউজ ডেস্ক: অসমে বন্যার প্রকোপ খানিকটা কমলেও প্রতিদিনই নতুন মৃত্যুর ঘটনা সামনে আসছে। বুধবার পর্যন্ত চলতি বন্যায় অসমে মৃত্যুর সংখ্যা ৮৯। মঙ্গলবার সন্ধ্যায় অবিরাম বৃষ্টিতে রাজধানী শহর গুয়াহাটির বিভিন্ন অংশ জলমগ্ন হয়ে পড়ে। অন্তত সাত হাজার মানুষ জলে আটকে পড়েছিল মঙ্গলবার সন্ধ্যায়।
মঙ্গলবার সন্ধ্যায় গুয়াহাটি এবং সংলগ্ন এলাকায় বৃষ্টির ফলে সোনাপুর, গুয়াহাটির বিস্তীর্ণ অংশে জল জমে যায়। জলে প্রভাবিত হয়েছে অন্তত সাত হাজার বাসিন্দা। যার মধ্যে ৪৮০০ পুরুষ, ২০৩০ মহিলা এবং ১৭০ শিশু। তবে গুয়াহাটিতে জলের তোড়ে মৃত্যুর কোনও খবর নেই।
জলমগ্নতার কারণে গুয়াহাটিতে পাঁচটি ত্রাণবণ্টন কেন্দ্র চালু করেছে প্রশাসন। সেখান থেকে ত্রাণসামগ্রী নিয়েছে ৬,৭৯০ বাসিন্দা। তবে কোনও আশ্রয় শিবির খোলা হয়নি। এবং মৃত্যু বা নিখোঁজের কোনও খবর নেই। এইসঙ্গে বিপর্যয় মোকাবিলা নিশ্চিত করেছে যে কোনও ঘরবাড়ি, সরকারি পরিকাঠামো, পোষা জীবজন্তু এবং রাস্তা বা সেতুর কোনও ক্ষতি হয়নি গুয়াহাটিতে।
জলমগ্ন এলাকার বাসিন্দাদের উদ্ধার করতে পাঁচটি নৌকা চালনো হয়েছে গুয়াহাটিতে। প্রভাবিত এলাকা থেকে ৩০০ জনকে উদ্ধার করে প্রশাসন। প্রভাবিত এলাকায় পানীয় জল, বিস্কুটের প্যাকেট, মোমবাতি, ত্রিপল ও রুটির প্যাকেট দিয়েছে প্রশাসন।