পৃথা দাশগুপ্ত কলকাতা: কলকাতা বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ সোনা ও হিরের গয়না উদ্ধার। উদ্ধার চুনী, পান্নাও। ঘটনায় বিমানবন্দর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে একটি ডোমেস্টিক কার্গোতে করে এই বিপুল পরিমাণ সোনা, হিরে, চুনী ও পান্না কলকাতায় এসেছে বলে সূত্রের খবর। সন্দেহ হওয়ায় এক যুবকের কাছ থেকে সেগুলি উদ্ধার করা হয়। জানা গিয়েছে, এই বিপুল গয়নার মূল্য প্রায় ১ কোটি টাকারও বেশি।
প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, কলকাতা বিমানবন্দর থেকে সোনা, হিরে, চুনী, পান্না-সহ বেশ কিছু মূল্যবান ধাতু পাচারের চেষ্টা হয়। ডোমেস্টিক কার্গোতে এই মূল্যবান ধাতু কলকাতা বিমানবন্দরে আসে। কলকাতা বিমানবন্দর ছাড়ার আগেই গ্রেফতার করা রাজস্থানের যুবককে। তাঁকে গ্রেপ্তার করে বিধাননগর এনএসসিবিআই থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম রাম অবতার শর্মা। তিনি রাজস্থানের বাসিন্দা। ধৃত যুবক প্রথমে কলকাতা বিমানবন্দরে একজনের কাছ থেকে গয়নাগুলি নেন। এরপর স্কুটিতে করে বিমানবন্দর চত্বর থেকে বাইরে বেরনোর চেষ্টা করতে থাকেন। সেই সময় এনএসসিবিআই থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে স্কুটিটি আটকায়। এরপরেই তার কাছ থেকে প্রায় ৪০০ গ্রাম সোনা উদ্ধার হয়। যার বাজার মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা। কয়েকশো গ্রাম রূপোও উদ্ধার হয়। এছাড়াও ধৃতের কাছ থেকে হিরে, চুনী, পান্নাও বাজেয়াপ্ত করা হয়। পুলিশ সূত্রে খবর, কলকাতার বড়বাজারে এই সোনা ও রূপো নিয়ে যাওয়া হচ্ছিল।
প্রাথমিকভাবে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জানার চেষ্টা করবে এই ঘটনায় আর কারা জড়িত।