রাষ্ট্রপতির অনুমোদন পায়নি, গুন্ডা দমন আইন নিয়ে জনস্বার্থ মামলা খারিজ

31

পৃথা দাশগুপ্ত,কলকাতা: ‘গুন্ডা দমন আইন’ নিয়ে আপাতত হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট । কারণ, আইনটি এখনও রাষ্ট্রপতির অনুমোদন পায়নি । এই পরিস্থিতিতে আগাম কোনও শুনানি সম্ভব নয় ,স্পষ্ট নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের । এই আইনকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একাধিক জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।‌

আজ শুনানিতে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল আদালতকে জানান, West Bengal Public Safety and Control of Anti-Social Activities Act এখনও রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে । রাজ্যের এই বক্তব্যের ভিত্তিতেই আদালত জানায়, এখনও কার্যকর না-হওয়া কোনও আইন নিয়ে আগাম পদক্ষেপ আদালতের পক্ষে সম্ভব নয় ।

ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ভবিষ্যতে যদি রাষ্ট্রপতি অনুমোদন দেন, তারপর এই আইন কার্যকর করে সরকার যদি কোনও বিজ্ঞপ্তি জারি করে অথবা ওই আইনের ভিত্তিতে কোনও পদক্ষেপ করা হয়, সে ক্ষেত্রে আবেদনকারীরা ফের আদালতের দ্বারস্থ হতে পারবেন । তখন বিষয়টি আইন অনুযায়ী বিবেচনা করা হবে ।

তবে আর একটি গুরুত্বপূর্ণ মামলায় শুনানি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আদালত । West Bengal Maintenance of Public Order (Amendment) Act, 1972-এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে যে আবেদন দায়ের হয়েছে, সেই মামলায় রাজ্য সরকারকে চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ । আবেদনকারীদের ১০ সেপ্টেম্বরের মধ্যে জবাবি হলফনামা দাখিল করতে বলা হয়েছে । মামলার পরবর্তী শুনানি হবে ১৬ সেপ্টেম্বর ।