নিউজ ডেস্ক: ভয়াবহ রূপ নিয়েছে ওয়াশিংটনের দাবানল। ছারখার হয়ে গেছে বহু মানুষ, ঘরবাড়ি। দাবানলের ধ্বংসযজ্ঞ এখনও কিছু কিছু অংশে অব্যাহত। বেশ কিছুদিন ধরেই ওয়াশিংটনের স্পোকেন কাউন্টিতে জ্বলছিল জঙ্গল। গোটা অঞ্চলে আলাদাভাবে তিনটি দাবানল ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে ৮ হাজার একর এলাকা ধ্বংস হয়ে গেছে। উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই চরম উষ্ণ ও শুষ্ক আবহাওয়ার জন্যই এই দাবানল তীব্র রূপ নিয়েছে।

আগুনের তীব্রতায় ইতিমধ্যে আমেরিকার উত্তর-পশ্চিমে অবস্থিত এই অঞ্চলের সাতশো বাড়িঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এই ভয়াবহ পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে ওই এলাকার প্রায় ৬৫ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। তবে, এখন পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।
ওয়াশিংটনের পাবলিক ল্যান্ডস কমিশনার, এই পরিস্থিতিকে একটি ‘মহাবিপর্যয়’ হিসেবে বর্ণনা করেছেন। রেড ক্রসের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা জানান, শত শত পরিবার তাঁদের মাথা গোঁজার শেষ সম্বলটুকু হারিয়েছেন। পুরো এলাকা এক অভূতপূর্ব সংকটের মুখোমুখি হয়েছে।

সামাজ-মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে, পুরো এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন। ছাই হয়ে যাওয়া ঘরবাড়ির ধ্বংসাবশেষ ছড়িয়ে চারদিকে। এখনও গোটা ওয়াশিংটনে ছোট-বড় প্রায় ১৫টি দাবানল সক্রিয় রয়েছে। যা ২ লাখ ৫০ হাজার একর এলাকা জুড়ে তাণ্ডব চালাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন প্রান্ত থেকে ৫ হাজার অগ্নিনির্বাপক কর্মী ও ন্যাশনাল গার্ড দিনরাত কাজ করে চলছে।