সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ পাওয়ার পর‌ও মিলল না স্বস্তি, রক্ষাকবচ চেয়ে ফের হাইকোর্টে অভিষেকের পিএ

40

পৃথা দাশগুপ্ত কলকাতা: ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। বৃহস্পতিবার সুমিত রায় জমি কেলেঙ্কারি মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে তাঁর গ্রেফতারিতে স্থগিতাদেশ দিয়েছিল আদালত। তাহলে তারপরেও কেন হাইকোর্টে রক্ষাকবচের আবেদন? জানা গেছে, নতুন করে রক্ষাকবচের আবেদন করে আদালতের দ্বারস্থ হয়েছেন সুমিত রায়। দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন কলকাতা হাইকোর্টে। তবে, সেই আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।

কলকাতা হাইকোর্ট একটা মামলায় সুমিত রায়কে জামিন দিলেও অন্য মামলা খারিজ করে দিয়েছিল। শালবনি এলাকায় জমি সংক্রান্ত মামলায় তাঁকে আগাম জামিন না দেওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। ওই মামলায় বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সুমিত রায়ের গ্রেফতারিতে স্থগিতাদেশ দিয়েছে।

কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, জমি ও চাকরি দুর্নীতি ছাড়া সুমিত রায়ের বিরুদ্ধে আরও ৪টি এফআইআর রয়েছে। তাই, হাইকোর্ট-সুপ্রিম কোর্টে আগাম জামিন পেয়েও অস্বস্তিতে সুমিত রায় । গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

আজ কোর্ট বসার পরে সুমিত রায়ের আইনজীবী দ্রুত শুনানির আর্জি জানান। কিন্তু, আর্জি গ্রহণ করেন নি বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিচারপতি ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, মামলাটির জরুরি ভিত্তিতে শুনানির পরিস্থিতি তৈরি হয়নি। তাই পরে তালিকা অনুযায়ী শুনানি হতে পারে বলে জানিয়েছেন বিচারপতি।