ভবানী ভবনে হাজিরা অভিষেকের পিএ সুমিত রায়ের

5

পৃথা দাশগুপ্ত, কলকাতা: অবশেষে তিনি প্রকাশ্যে এলেন। শালবনির জমি প্রতারণা মামলায় সিআইডি’র ডাকে সাড়া দিয়ে আজ নির্ধারিত সময়ের কয়েক মিনিট আগেই সকাল ১০টা নাগাদ ভবানী ভবনে হাজির হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। সিআইডি সূত্রে খবর, আজ তাঁকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করা হবে।

শুক্রবার রাতেই সুমিত রায়কে নোটিশ জারি করে সিআইডি। টালিগঞ্জের মহাবীরতলায় সুমিত রায়ের আরো একটি বাড়ি। সেখানে গিয়ে নোটিশ দিয়ে আসেন তদন্তকারী আধিকারিকরা। শালবনির জমি সংক্রান্ত প্রতারণা মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আজ ভবানী ভবনে হাজির হতে বলা হয়েছিল। সেই নির্দেশ মেনেই আজ সিআইডির দফতরে হাজির হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক। তবে, এর মধ্যেই সুমিত রায়ের বিরুদ্ধে নতুন করে আরও দু’টি মামলা দায়ের হয়েছে । ফলে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার। নতুন মামলাগুলিতে গ্রেফতারির আশঙ্কা রয়েছে বলে দাবি করে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুমিত রায়।‌

অভিযোগ, বিধানসভা নির্বাচনে টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছিল। সেই অভিযোগের তদন্তে সুমিত রায়ের নাম উঠে আসে । পাশাপাশি, পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জমি সংক্রান্ত একটি প্রতারণা ও দুর্নীতির মামলাতেও সুমিত রায়ের নাম অভিযুক্ত হিসেবে রয়েছে। সেই মামলার তদন্তের সূত্রেই এবার তাঁকে তলব করেছে সিআইডি। তদন্তকারীদের হাতে থাকা অভিযোগ, নথি এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর।

দীর্ঘদিন আড়ালে থাকার পর সুমিত রায়ের প্রকাশ্যে আসা এবং সিআইডির জেরার মুখোমুখি হওয়া তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। শালবনির জমি সংক্রান্ত মামলায় তাঁর কাছ থেকে কী কী তথ্য পাওয়া যায়, নতুন কোনও নাম বা তথ্য তদন্তকারীদের হাতে আসে কি না, এখন সেদিকেই নজর।