পৃথা দাশগুপ্ত,কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেসরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু । কেওয়াইসি না-থাকায় যে অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছিল, আদালতের নির্দেশ মেনে যথাযথ নথি সংগ্রহের পর সেই অ্যাকাউন্ট ঠিক করে দেওয়া হয়েছে বলে খবর । কলকাতা হাইকোর্টকে জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ৷ ব্যাঙ্ককে আদালত জানিয়েছে, কোনো গ্রাহককে না-জানিয়ে এভাবে অ্যাকাউন্ট ফ্রিজ করা যাবে না ৷
আজ ব্যাঙ্কের পক্ষ থেকে বিচারপতি কৃষ্ণা রাও-এর বেঞ্চে জানানো হয়, গ্রাহককে হেনস্তা করার কোনও উদ্দেশ্য তাঁদের নেই । সাময়িক ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছিল । এখন তা ফের স্বাভাবিক।
যেহেতু সমস্যা মিটে গেছে, তাই আদালত এই মামলার নিস্পত্তি করে দিয়েছে।
আইনজীবী অয়ন ভট্টাচার্য বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখতে চাইছিল অথচ ছবি তোলা হয়নি ।”
ব্যাঙ্ক কর্তৃপক্ষ বলেন, “আমরা কখনও বলিনি ওঁকে সশরীরে আসতে হবে ৷”
দু’পক্ষের কথা শুনে বিচারপতি বলেন, “আপনারা কারও বিরুদ্ধে পদক্ষেপ করলে আগে জানান । নির্ধারিত সময়ে কাজ না-হলে তারপর অ্যাকাউন্ট ব্লক করুন । এটা কোনও সমাধান নয় ।”
অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী তখন বলেন, “কেওয়াইসি না-হলে আংশিক ফ্রিজ করা যায়, তাও নোটিশ-সহ । আরবিআই গাইডলাইন মেনে কাজ করতে হবে । ব্লক কেন করা হল ?”
ব্যাঙ্ক কতৃপক্ষের বক্তব্য, “২০১০ সালের গাইডলাইন দেখুন । ব্যাঙ্কের তাঁকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হেনস্তার কোনও ইচ্ছা নেই । সাময়িকের জন্য বন্ধ করা হয়েছিল ।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার কারণে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি । সুপ্রিম কোর্টের অনুমতিতে চোখের চিকিৎসা করাতে বিদেশ যাওয়ার অনুমতি পেলেও, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার ফলে তিনি সমস্যায় পড়েছেন বলে আদালতে জানিয়েছিলেন ।
সেই মামলার শুনানিতে ব্যাঙ্কের আচরণে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি । ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেওয়াইসি সম্পূর্ণ নেই । সেই জন্যই তাঁর অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে । আদালত ব্যাঙ্কের কোনও আধিকারিককে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে নির্দেশ দিয়েছিল ।
আজ ব্যাঙ্ক কর্তৃপক্ষ রিপোর্ট জমা দিয়ে জানায় যে, অভিষেকের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডও সক্রিয় করা হয়েছে । অ্যাকাউন্ট ডিফ্রিজ করা হয়েছে ।
ফলে এবার তিনি বিদেশ যেতে পারবেন নির্দ্বিধায়।