লুরিণজ্যোতিকে ভোট দেওয়ার জেরে অরুণোদয় থেকে বাদ!

29

নিউজ ডেস্ক: বিধানসভা নির্বাচনে অসম জাতীয় পরিষদের লুরিণজ্যোতিকে সমর্থন করার জেরে খোয়াং কেন্দ্রের শতাধিক মহিলার অরুণোদয় প্রকল্প থেকে নাম কাটার অভিযোগ। সোমবার ডিব্রুগড় জেলার খোয়াং উপ-জেলা কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান বহু মহিলা। জেলার ধেমেচি, হলদিবাড়ি, লেজাই ও গজপুরিয়া এলাকা থেকে আগত মহিলাদের অভিযোগ যে তাঁরা যোগ্য হলেও শুধু রাজনৈতিক কারণে তাঁদের নাম বাদ পড়েছে অরুণোদয় প্রকল্প থেকে।
বিক্ষোভকারী মহিলাদের দাবি, তাঁরা সবাই গরিব, অনেকেই স্বামী হারিয়েছেন এবং কয়েকজন বিশেষভাবে সক্ষম, কিন্তু অস জাতীয় পরিষদের প্রার্থী লুরিণজ্যোতি গগৈকে বিধানসভা নির্বাচনে সমর্থন করার জন্য তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে। তাঁদের অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং খোয়াংয়ের বিজেপি বিধায়কের বিরুদ্ধে।
বেশকিছু মহিলা বলেন, অরুণোদয় প্রকল্পের সূচনা থেকে ৮৩০ টাকা করে পেয়েছেন। তারপর এই প্রকল্পে অর্থ বৃদ্ধি হলেও তাঁদের নাম ছিল সুবিধাভোগী তালিকায়। কিন্তু নির্বাচনের পর সম্প্রতি ফের অরুণোদয় প্রকল্প শুরু হতে তাঁদের নাম বাদ পড়েছে। অথচ বিজেপি সমর্থক বহু মহিলার নাম রয়েছে যাদের বিলাসী গাড়ি রয়েছে কিংবা সরকারি চাকরি করে।
সরকারের কাছে তাঁদের দাবি, অরুণোদয় প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা ভালো করে যাচাই করা হোক এবং যাঁরা এতদিন প্রকল্পে তালিকাভুক্ত ছিলেন সবাইকে অরুণোদয় প্রকল্পের অর্থ দেওয়া হোক।
বেশ কয়েক বছর ধরে অসমে মহিলাদের সরাসরি অর্থ দেওয়া হচ্ছে অরুণোদয় প্রকল্পে। প্রায় ৪০ লাখ মহিলা এই সুবিধা পাচ্ছেন।