নিউজ ডেস্ক: অসমে ভয়াবহ বন্যায় মৃত্যু হয়েছে ১০৭ জনের। আর বন্যাত্রাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ করেছেন যোরহাটের কংগ্রেস সাংসদ গৌরব গগৈ।
বন্যাত্রাণে তাঁবু, তোশক, রান্নার তেল বণ্টনে ব্যাপক দুর্নীতির অভিযোগ অসমের কংগ্রেস সভাপতি গৌরবের। তিনি বলেছেন, যে তাঁবু দেওয়া হয়েছে তার মান অত্যন্ত খারাপ। বৃষ্টি হলে তাঁবু ফুটো হয়ে জল পড়ে। এমন তোশক দেওয়া হয়েছে যেখানে মাথা রাখলে পা বাইরে থাকে। রান্নার তেল দেওয়ার আগে অন্য প্যাকেটে ভর্তি করা হয়েছে। তার মান এতই খারাপ যে রান্না করা যায় না।
মরিগাঁওতে গৌরব গগৈ শনিবার বলেছেন, নগাঁওয়ের ডেপুটি কমিশনার দেবাশিস শর্মা তাঁর সরকারি পদ ব্যবহার করছেন বিজেপির রাজনৈতিক স্বার্থে। এখনই তাঁর সাসপেনশন দাবি করেন গৌরব গগৈ।
শিবসাগর ও নাজিরার উদাহরণ দিয়ে গৌরব গগৈ বলেন, বন্যাক্রান্তদের পরিবার পিছু ১৫ হাজার টাকা সরকারি সাহায্যের কথা বলা হয়েছিল। কিন্তু জাল আধার কার্ড দেখিয়ে বন্যার্ত নয়, এমনকিছু পরিবার টাকা পেয়েছে। সরকারি স্তরে ব্যাপক দুর্নীতি না হলে এটা হয় না।
মন্ত্রী পীযূষ হাজরিকার নাম না করে সমালোচনা করেছেন গৌরব গগৈ। তিনি বলেন, অসমের এক মন্ত্রী বন্যাক্রান্ত অঞ্চলে গিয়েছেন দেড় কোটি টাকার বিলাসী গাড়ি চেপে। হাতে তাঁর ছিল লক্ষাধিক টাকার ঘড়ি। সরকারি স্তরে দুর্নীতি কোথায় পৌঁছেছে তা মন্ত্রীর বিলাসী জীবনযাপনেই স্পষ্ট, অভিযোগ গৌরবের।