নিউজ ডেস্ক: মেঘালয়ে ফের অসমের গাড়ি ভাঙচুর। গুয়াহাটি-শিলং-মানকাচরগামী বেশ কয়েকটি বাসে পাথর ছোড়া হয় মেঘালয়ের টিকরিকিলায়। রবিবার গভীর রাতের এই ঘটনায় আহত বিভিন্ন বাসচালক। এ ছাড়া বাসগুলির কাচ ভেঙে পড়ে পাথরের আঘাতে।
রাত দুটোয় লাইন দিয়ে বাস যাচ্ছিল টিকরিকিলা দিয়ে। একদল দুষ্কৃতী পাথর ছুড়তে থাকলে বেশ কয়েকটি বাসের সামনের কাচ ভেঙে পড়ে। অন্তত দুজন চালক আহত।
এই হামলার পরও বাসচালকরা দ্রুতগতিতে গাড়ি চালিয়ে নিকটবর্তী টিকরিকিলা থানায় গিয়ে ঘটনার রিপোর্ট করেন। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পুলিশ এলেও কাউকে ধরতে পারেনি।
বাসযাত্রীরা বলেছেন, অন্তত ১০-১২ দুষ্কৃতী পাথর ছুড়ছিল। হয়তো বাস থামিয়ে ডাকাতির পরিকল্পনা ছিল। তবে পুলিশ এখনও হামলার পেছনে সঠিক কারণ খুঁজছে।
হামলার দুঘণ্টা পর সব বাস মানকাচরের উদ্দেশে রওনা দেয় কঠোর নিরাপত্তার মাঝে। এই ঘটনা গুয়াহাটি-মানকাচর পথে রাত্রিবেলা যান চলাচল নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। নিরাপত্তার গাফিলতি সামনে চলে এসেছে।
প্রসঙ্গত, গত ২০ আগস্ট শিলংয়ে খাসি স্টুডেন্টস ইউনিয়নের বাইক মিছিল থেকে অসমের একাধিক পর্যটকবাহী গাড়িতে ভাঙচুর চালানো হয়েছিল। শিলংয়ে কেএসইউ-এর একটি প্রতিবাদ মিছিলের সময় মুখোশধারী কিছু দুষ্কৃতকারী অসমের নম্বর প্লেটওয়ালা গাড়ি ও পর্যটকদের ওপর হামলা চালায়। এই হামলায় প্রায় ৩১টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং শিশুসহ অন্তত ১৬ জন আহত হন।
শিলংয়ে অসমের গাড়ি ভাঙচুরের প্রতিবাদে অসম স্টেট ড্রাইভার্স অ্যাসোসিয়েশন জোড়াবাট সহ বিভিন্ন স্থানে মেঘালয়ের গাড়ি আটকে বিক্ষোভ ও অবরোধ দেখায়। ঘটনার জেরে বেশ কয়েকটি অসম-মেঘালয় যান চলাচল বন্ধ ছিল।
Prev Post
Next Post