পৃথা দাশগুপ্ত, কলকাতা: কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। বিচারপতি সৌগত ভট্টাচার্য বেঞ্চের দ্বারস্থ হয়েছেন তিনি। অভিযোগ, একটি মামলায় তাঁকে গ্রেফতার করা হলেও তাঁর বিরুদ্ধে আরও পাঁচটি মামলা চাপিয়ে দেওয়া হয়েছে। ৬ই অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন। আগাম জামিনের আবেদন করে রক্ষাকবচ চেয়েছেন তিনি। মামলার দ্রুত শুনানির প্রয়োজন। মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা
নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার সংক্রান্ত বিজ্ঞপ্তিতে পুলিশের তরফে জানানো হয়, ১৮ সেপ্টেম্বর চণ্ডীপুর থানার এলাকায় তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, ২০০৭ সালের চারটি মামলায় তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
একাধিক খুনের মামলায় আগেই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। কংগ্রেসের নন্দীগ্রামের প্রার্থীর বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, অপহরণ, প্রমাণ লোপাট, এবং অস্ত্র-সহ অশান্তি ছড়ানোর মতো একাধিক গুরুতর ধারায় মামলা রয়েছে।
পুলিশ সূত্রে খবর, ২০০৭ সাল থেকে তিনি পলাতক ছিলেন । চার্জশিটে পলাতক হিসেবেই তিনি চিহ্নিত ।পুলিশের দাবি, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী দীর্ঘদিনের জামিন-অযোগ্য পরোয়ানা কার্যকরের বিশেষ অভিযান চলছে। সেই অভিযানের অংশ হিসেবেই মিলন প্রধানকে গ্রেফতার করা হয়েছে।
আগামীকাল কলকাতা হাই কোর্ট এই বিষয়ে কি জানায় সেদিকেই নজর সকলের।