বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মাতৃবিয়োগ

34

নিউজ ডেস্ক: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের পরিবারে নেমে এলো গভীর শোকের ছায়া। প্রয়াত হলেন তাঁর মা কৃষ্ণা মুখোপাধ্যায়। মায়ের সঙ্গে রানির সম্পর্ক যে অত্যন্ত নিবিড় ছিল, তা বলিপাড়ার সবারই জানা। বিভিন্ন পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে প্রায়ই মায়ের সঙ্গে দেখা যেত অভিনেত্রীকে। রানি নিজেও বহু সাক্ষাৎকারে তাঁর জীবনের পেছনে মায়ের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন।
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর জীবনাবসান হলো তাঁর মা কৃষ্ণা মুখোপাধ্যায়ের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। প্রযোজনা সংস্থা ‘যশ রাজ ফিল্মস’-এর পক্ষ থেকে অফিসিয়াল বিবৃতি দিয়ে এই দুঃখজনক খবরটি জানানো হয়েছে। একই সঙ্গে এই কঠিন সময়ে মুখোপাধ্যায় পরিবারের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য সকলের কাছে অনুরোধ করেছে প্রযোজনা সংস্থাটি।

রানি মুখোপাধ্যায়ের বলিউড সফরের শুরুটা হয়েছিল মূলত তাঁর মায়ের হাত ধরেই। রানির প্রথম হিন্দি ছবি ‘রাজা কী আয়েগী বারাত’-এ অভিনয়ের প্রস্তাব এনেছিলেন তাঁর বাবার বন্ধু তথা প্রযোজক সেলিম আখতার। সম্প্রতি এক সাক্ষাৎকারে রানি জানান, শুরুতে তাঁর অভিনয়ে আসার তেমন ইচ্ছে না থাকলেও মায়ের পরামর্শেই তিনি এই পেশা বেছে নেন। রানি বলেছিলেন, “মা হয়তো আমাদের তৎকালীন আর্থিক পরিস্থিতি কিছুটা উন্নত করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁদের আশা ছিল, আমি যদি ভালো কাজ করতে পারি, তবে তা আমাদের পুরো পরিবারের জন্য কল্যাণকর হবে।”কৃষ্ণাদেবীর প্রয়াণে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছে মুখোপাধ্যায় পরিবার। বিনোদন জগতের অনেকেই তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।