ওকে রাষ্ট্রপতি করবে, জ্ঞানেশকুমারকে কটাক্ষ গৌরব গগৈয়ের

17

নিউজ ডেস্ক: বিজেপির রাজ্যসভা সাংসদ শমীক ভট্টাচার্য বলেছেন যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশকুমার গুপ্তাকে পদ্মভূষণ দেওয়া উচিত। তার উত্তরে অসম কংগ্রেসের সভাপতি গৌরব গগৈয়ের কটাক্ষ, বিজেপি জ্ঞানেশকুমারকে রাষ্ট্রপতি করবে।
গৌরব গগৈয়ের কথায়, জ্ঞানেশকুমারের নেতৃত্বে ভারতের নির্বাচন প্রক্রিয়া নিয়েই প্রশ্ন উঠেছে। নগাঁও লোকসভা উপনির্বাচনের প্রচারে এবিষয়ে যোরহাটের সাংসদ বলেন, জ্ঞানেশকুমারের অপকীর্তি এখন সবার সামনে। অন্য দুই নির্বাচন কমিশনার তাঁর বিরুদ্ধে প্রচুর অভিযোগ করেছেন।
গৌরবের অভিযোগ যে মুখ্য নির্বাচন কমিশনারের কার্যালয়ের ভেতরেই একটি আইটি সেল গড়ে উঠেছে এবং দাবি করেন যে, ভোটার তালিকায় নতুন ভোটারদের অন্তর্ভুক্তির বিষয়ে নেওয়া সব সিদ্ধান্ত এই সেলের দ্বারা প্রভাবিত হচ্ছে।
কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেন, এখন জ্ঞানেশকুমারের আইটি সেলই ঠিক করবে যে ১৮ বছর বয়সি কোনও নতুন ভোটার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন কি না।
ভোটার তালিকা নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগের প্রসঙ্গ টেনে গৌরব বলেন, ভোটার তালিকার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যে চেষ্টা চলছে বলে তিনি মনে করেন, তা নিয়ে কংগ্রেস উদ্বিগ্ন।
গৌরবের কথায়, আগে আমরা বুথ দখল বা ব্যালট বাক্স ছিনতাইয়ের কথা শুনতাম, আর এখন বিজেপি পুরো ভোটার তালিকাই নিজেদের দখলে নিতে চাইছে।
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সেই আহ্বানের কথা উল্লেখ করেন গৌরব গগৈ, যেখানে তিনি মুখ্য নির্বাচন কমিশনারকে রাজসাক্ষী হওয়ার পরামর্শ দিয়েছিলেন।
গৌরব বলেন, জ্ঞানেশকুমারের উচিত প্রকাশ্যে জানানো যে কে তাঁকে দিয়ে বেআইনি ও অসাংবিধানিক কাজ করাচ্ছে এবং কারা এমন সব নির্দেশ দিচ্ছে যা ভারতের নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করেছে।