নিউজ ডেস্ক: ভোটচুরি নিয়ে বিক্ষোভের ঝাঁজ বাড়াচ্ছে বিরোধী ইন্ডিয়া ব্লক। গত দুদিন দিল্লির রাজপথে প্রতিবাদ-বিক্ষোভ করেছেন রাহুল-প্রিয়াঙ্কা সহ বিরোধী সাংসদরা। বৃহস্পতিবার বিহারের পাটনায় বিক্ষোভ দেখায় তেজস্বী যাদবের নেতৃত্বে আরজেডি। ভোটচুরি-র অভিযোগ, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশকুমারকে অপসারণের দাবিতে মঙ্গল, বুধের পর বৃহস্পতিবারও দিল্লির রাজপথে নামছে বিরোধী সাংসদরা।
বুধের পর বৃহস্পতিবার কংগ্রেস সভাপতি মধ্যাহ্নভোজনে ডেকেছেন বিরোধী সাংসদদের। কনোনাট প্লেসে মধ্যাহ্নভোজনের পর বিরোধী সাংসদরা যাবেন রাজঘাটে। বিক্ষোভে যোগ দেওয়ার উদ্দেশে দিল্লি পৌঁছচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রধান তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রাষ্ট্রপতি সাক্ষাতের সময় দিয়েছেন বিরোধী দশ নেতানেত্রীকে। বিরোধীদের মধ্যে মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধীর সঙ্গে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের আয়োজিত মধ্যাহ্নভোজ-বৈঠকের পর বিরোধী সাংসদরা যৌথভাবে কর্মসূচি এগিয়ে নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করে। ইন্ডিয়া জোটের বিভিন্ন শরিক দলের প্রতিনিধিত্ব নিশ্চিত ও যাতায়াত সমন্বয়ের লক্ষ্যে সাংসদদের নিয়ে যাওয়ার জন্য তিনটি বাসের ব্যবস্থা করা হয়েছিল। বাসগুলোকে যন্তর মন্তর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে শাংরি-লা হোটেলের কাছে অশোক রোডে থামানো হয়।

বাস থেকে নেমে সংবিধান হাতে রাস্তায় শুয়ে পড়েন প্রিয়াঙ্কা গান্ধী। তাঁকে যাতে পুলিশ তুলতে না পারে সেজন্য কংগ্রেসের অন্যান্য মহিলা সাংসদও প্রিয়াঙ্কার পাশে শুয়ে পড়েন। পুলিশ তুলতে এলে ধস্তাধস্তি হয়। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের গালে আঁচড়ের দাগ স্পষ্ট হয়ে ওঠে।
মঙ্গলবার অনুমতি না নিয়ে আকাশবাণী ভবনে ঢোকার জন্য এবং বুধবার পুলিশের কাজে বাধা দেওয়ার জন্য রাহুল-প্রিয়াঙ্কা সহ বহু বিরোধী সাংসদ ও কর্মীদের বিরুদ্ধে এফআইআর করেছে দিল্লি পুলিশ।