বক্সিং অ্যাকাডেমি গড়তে লাভলীনাকে জমি সরকারের

26

নিউজ ডেস্ক: অলিম্পিক পদকজয়ী লাভলীনা বরগোহাঁইয়ের নামে বক্সিং অ্যাকাডেমির জন্য জমি দেবে অসম সরকার। জমির প্রিমিয়াম বা মূল্য হ্রাসের বিষয়টি অনুমোদন করেছে অসম মন্ত্রীসভা। এর আওতায় পলাশবাড়িতে চার বিঘা জমির জন্য প্রিমিয়াম কমিয়ে মাত্র ১ টাকা নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রীসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি জানান, এই কেন্দ্রটি অসমের উদীয়মান বক্সিং প্রতিভাদের বিকাশে সহায়তা করবে এবং আগ্রহী ক্রীড়াবিদদের উন্নত প্রশিক্ষণের সুযোগ করে দেবে।
সমাজমাধ্যমে হিমন্ত বলেছেন, অসম মন্ত্রীসভার আজকের বৈঠকে আমরা গুয়াহাটির অনতিদূরে ‘লাভলীনা বক্সিং অ্যাকাডেমি’ স্থাপনের পথ প্রশস্ত করেছি, যাতে অসমের পরবর্তী প্রজন্মের লাভলীনারা সেরা প্রশিক্ষণ পেয়ে দেশকে গর্বিত করতে পারে।
জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে মহিলাদের ৭৫ কেজি বক্সিং বিভাগে সোনা জয়ের পর লাভলীনা অসমে ফেরার কয়েক দিনের মধ্যেই এই সিদ্ধান্তটি নেওয়া হল।
৬ অক্টোবর লোকসেবা ভবনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী লাভলীনার হাতে ৫০ লক্ষ টাকার চেক তুলে দেন।
২ অক্টোবর মহিলাদের ৭৫ কেজি বিভাগের ফাইনালে চীনের বাও জিয়ি-কে ৫-০ ব্যবধানে পরাজিত করে নিজের জন্মদিনে সোনা জেতেন লাভলীনা। ২০১৪ সালে এমসি মেরিকমের পর তিনি দ্বিতীয় ভারতীয় মহিলা বক্সার হিসেবে এশিয়ান গেমসে সোনা জয়ের কৃতিত্ব অর্জন করেন।
টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী এই বক্সার এর আগে হাংঝুতে অনুষ্ঠিত ২০২২ এশিয়ান গেমসে একই বিভাগে রুপো পেয়েছিলেন।