নিউজ ডেস্ক: মণিপুরের পাহাড়ি এলাকাগুলিতে ফের মাথাচাড়া দিয়েছে তীব্র হিংসা। গত শুক্রবার রাত থেকে দফায় দফায় সংঘর্ষ দেখা যায়। গুলিবর্ষণে নিহত ৯। আহত একাধিক। সেই সঙ্গে পুড়িয়ে দেওয়া হয়েছে প্রায় ১৪টি বাড়ি। সূত্রের খবর, কামজং জেলায় একটি প্রতিবাদ চলাকালীন দুষ্কৃতীরা এক মহিলাকে গুলি করে বলে অভিযোগ। এরপরই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তাবাহিনীও গুলি চালায় দুষ্কৃতীদের দিকে।
নাগা ও কুকি সম্প্রদায়ের ১৪টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। মণিপুরের এই অশান্ত পরিবেশের আবহেই দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং। রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং শান্তি ফেরাতে কেন্দ্রের তরফ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, ১৯৯২ সাল থেকে মণিপুরে কুকি ও নাগা জনজাতির মধ্যে সংঘর্ষ শুরু হয়, সেই সংঘাতে হাজারেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে।
Prev Post