দুর্ঘটনায় রাহুল গান্ধীর কনভয়

26

নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনার কবলে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কনভয়। তবে রাহুল গান্ধীর গাড়ির কোনও ক্ষতি হয়নি। দুর্ঘটনা ঘটেছে সোমবার বেলা সোয়া দশটা নাগাদ উত্তরপ্রদেশের হালিয়াপুর পুলিশ থানার অধীনে।


উত্তরপ্রদেশের সুলতানপুর জেলায় পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে রাহুল গান্ধীর গাড়ির পেছনে অন্যান্য গাড়ির একে অপরের সঙ্গে ধাক্কা খেয়েছে। ঘটনাটি ঘটেছে হালিয়াপুর থানা এলাকার ৮৯.৫ কিলোমিটার মাইলফলকের কাছে। রাহুল গান্ধীর গাড়ি অক্ষত রয়েছে।


সকাল সোয়া ১০টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় কংগ্রেস নেতাদের একটি ব্যক্তিগত গাড়ি, যা কনভয়ের একেবারে সামনে ছিল, কোনও কারণে হঠাৎ ব্রেক কষে। এর ফলে পেছনের গাড়িগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খায়, দাবি পুলিশের।
দুর্ঘটনার পর রাহুলের কনভয় সুলতানপুরের দিকে যাত্রা শুরু করে। সুলতানপুর আদালতে রাহুল গান্ধীর মানহানির মামলার শুনানি হওয়ার কথা।

https://twitter.com/JournoSiddhant/status/2114592164789551326/video/1


রাহুল গান্ধী লখনউ থেকে সুলতানপুর যাচ্ছিলেন একটি বিশেষ এমপি/এমএলএ আদালতে হাজিরা দেওয়ার জন্য। ২০১৮ সালের একটি ফৌজদারি মানহানির মামলায় ওই আদালতে রায় ঘোষণার কথা ছিল।


সংঘর্ষের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য যেমন কেউ আহত হয়েছেন কি না বা গাড়িগুলোর কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না জানা যায়নি।

রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা
২০১৮ সালের কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে বেঙ্গালুরুতে নির্বাচনী প্রচারে তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহ সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জেরে রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় সুলতানপুর আদালত রায় ঘোষণা করবে।


সুলতানপুর জেলা সমবায় ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান তথা বিজেপি নেতা বিজয় মিশ্র ২০১৮ সালের ৪ আগস্ট রাহুল গান্ধীর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছিলেন।


মামলাটি বেশ কয়েক বছর ধরে চলেছে। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে রাহুল গান্ধী এই মামলায় জামিন পান। ওই বছরের জুলাই মাসে তাঁর বয়ান রেকর্ড করা হয়। এ ছাড়া আদালত অভিযোগকারী ও অন্যান্য সাক্ষীদের সাক্ষ্যও গ্রহণ করে।