নিউজ ডেস্ক: ফের উত্তপ্ত অরুণাচল প্রদেশ। আপার সুবনসিড়ি জেলায় ১২ ঘণ্টার বনধে পুলিশের সঙ্গে সংঘর্ষ বনধ পালনকারীদের।
অরুণাচল প্রদেশের আপার সুবনসিরি জেলায় সোমবার উত্তেজনা বৃদ্ধি পায়। ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন (এনএইচপিসি)-এর প্রস্তাবিত ১,৬০৫ মেগাওয়াট ক্ষমতার ‘আপার সুবনসিরি জলবিদ্যুৎ প্রকল্প’— যা ‘মেঙ্গা বাঁধ’ নামেও পরিচিত— তার বিরোধিতায় ১২ ঘণ্টার এক বনধ পালন করা হচ্ছিল।
চিন সীমান্ত সংলগ্ন এই জেলার দাপোরিজো এবং অন্যান্য এলাকায় এই বনধ পালিত হয়। আন্দোলনকারীরা এনএইচপিসি-সংশ্লিষ্ট একটি কার্যালয়ে ঢুকে ইলেকট্রনিক অফিস সরঞ্জাম ও সমীক্ষার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ভাঙচুর করে এবং সেগুলোতে আগুন ধরিয়ে দেয়।
উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয় এবং উল্টে দেওয়া হয়। প্রস্তাবিত বাঁধের বিরোধিতা, পুলিশের বিরুদ্ধে অনধিকার প্রবেশের অভিযোগ এবং ছাত্র ইউনিয়নের এক নেতাকে আটকের চেষ্টার ঘটনার জের ধরেই এই পরিস্থিতির অবনতি ঘটে।

ছাত্র নেতাকে আটকের চেষ্টার ঘটনা এবং সরকারি-বেসরকারি সম্পত্তি ভাঙচুরের প্রকৃত পরিস্থিতি সুস্পষ্ট নয়।
১২ ঘণ্টার বনধের ফলে আপার সুবনসিরি জুড়ে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়, বিভিন্ন এলাকায় বাজারঘাট বন্ধ থাকে এবং যান চলাচল সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে।
প্রসঙ্গত, অরুণাচল প্রদেশে ১১২০০ মেগাওয়াটের প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে কিছুদিন ধরেই বিক্ষোভ চলছে। তার সঙ্গে এবার যুক্ত হল মেঙ্গা বাঁধ বিরোধী বিক্ষোভ।