নিউজ ডেস্ক: দুর্গাপুজোর ভাসানে শ্রীভূমি জেলায় বিহু দলের ওপর হামলার ঘটনায় এপর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শ্রীভূমি জেলায় বিহু দলের ওপর হামলার ঘটনায় সোমবার আরও চারজনকে গ্রেফতার করে পুলিশ, এনিয়ে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।
শ্রীভূমি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। আইন বজায় রাখা, নাগরিকদের অধিকার রক্ষা করা এবং শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করতে শ্রীভূমি পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।
দুর্গাপূজার প্রতিমা বিসর্জন শোভাযাত্রার সময় এই হামলার ঘটনা ঘটে। অনুষ্ঠানে পরিবেশনার জন্য আমন্ত্রিত একটি বিহু দলের ওপর একদল লোক হামলা চালায় বলে অভিযোগ। এতে বেশ কয়েকজন শিল্পী আহত হন এবং তাদের বাদ্যযন্ত্রের ক্ষতি হয়।
এর আগে, অসমের ডিজিপি হরমিত সিং এই ঘটনায় ১৩ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছিলেন। তিনি জানান, শ্রীভূমি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ধৃতদের আদালতে হাজির করা হয়েছে। এ ছাড়া, এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতারের জন্যও পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে।
এই ঘটনার প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, অসমের সাংস্কৃতিক পরিচিতি ও ঐতিহ্যকে অপমান করার কোনও প্রচেষ্টাকে বরদাস্ত করা হবে না। তিনি রাজ্য পুলিশের প্রধানকে দ্রুত পদক্ষেপ নিশ্চিত করার নির্দেশ দেন।
কেন্দ্রীয় মন্ত্রী তথা অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালও এই হামলার ঘটনার নিন্দা করেছেন। তিনি বলেন, অসমিয়া সমাজে বিহু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই শিল্পীদের ওপর হামলা বা রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি যে কোনও বিদ্বেষমূলক আচরণ অগ্রহণযোগ্য।
অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন (আসু)-এর সভাপতি উৎপল শর্মা এই ঘটনাকে ‘অমার্জনীয়’ বলে অভিহিত করেছেন। বিশেষ করে শিল্পীদের ওপর হামলা এবং ঢোল ও পেঁপার মতো ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়ে তিনি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।