এআই ছবিও ঠিক করে দেখাত পারে না কংগ্রেস, কটাক্ষ রিজিজুর

22

নিউজ ডেস্ক: রামলীলা ময়দানে বিরোধীদের সভায় ভিড় নিয়ে চাপান উতোর চলছেই। রাহুল গান্ধী রামলীলা ময়দানে ভিড়ের একটি ড্রোন ভিডিয়ো পোস্ট করে বলেছেন, ভোটচুরির বিরুদ্ধে আওয়াজ তুলতে এভাবে রেকর্ড সংখ্যায় ভিড় করার জন্য আপনাদের ধন্যবাদ। এর থেকে বোঝা যাচ্ছে, গণতন্ত্রই জয়ী হবে, সত্যের জয় হবে, ‘ইন্ডিয়া’-র জয় হবে।
রাহুলের পোস্টের পরই কটাক্ষ করে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, এই ভিডিয়ো এআই-এর মাধ্যমে তৈরি করা হয়েছে। তিনি কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, রামলীলা ময়দানে বিশাল জনসমাগম দেখাতে গিয়ে কংগ্রেস দলের অন্তত এআই-তৈরি ছবিটি ঠিকভাবে প্রস্তুত করা উচিত ছিল।
তিনি আরও বলেন, রামলীলা ময়দান যে কানায় কানায় পূর্ণ ছিল, তা দেখানোর জন্য যে নকল এআই ছবি ব্যবহার করা হয়েছে, তাও কংগ্রেস দলের ‘ভুয়ো বয়ান তৈরির টিম’ ঠিকমতো করতে পারেনি! নিজের পোস্টে তিনি ছবিটিও শেয়ার করেছেন।
রিজিজু কংগ্রেসকে আক্রমণ করতে যে ছবিটি ব্যবহার করেছেন, সেটি এর আগে প্রাক্তন সাংসদ ও কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য জগদীশ ঠাকুর তাঁর এক্স হ্যান্ডেলে শেয়ার করেছিলেন।
বিজেপি সাংসদ সম্বিত পাত্র জানিয়েছেন যে, কংগ্রেস নেতারা দাবি করেছিলেন যে রামলীলা ময়দানের সমাবেশে ১০ লক্ষ মানুষ অংশ নেবেন।
তিনি বলেন, আপনারা দেখতেই পাচ্ছেন যে রামলীলা ময়দানের ৪০ শতাংশ জায়গা ফাঁকা ছিল। রাহুল গান্ধী ও তাঁর দল দাবি করেছিল যে ১০ লক্ষ মানুষ উপস্থিত থাকবেন। ২৮ হাজার চেয়ারের মধ্যে বিকেল সাড়ে ৩টে থেকে ৪টের সময় প্রায় ৫ হাজার থেকে ৭ হাজার চেয়ার খালি ছিল। কংগ্রেসের ১০ লক্ষ মানুষ আসার দাবির আসল সত্য এটাই।
অন্যদিকে, উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি আরাধনা মিশ্র-মোনা বলেছেন যে, বিরোধী জোটের সমাবেশে মানুষের উপস্থিতি ছিল ঐতিহাসিক।
তিনি বলেন, গতকাল রামলীলা ময়দানে ইতিহাস সৃষ্টি হয়েছে। এটি কেবল একটি ভিড় ছিল না, বরং ছিল মানুষের এক বিশাল জোয়ার— যা একটি প্রকৃত গণআন্দোলনের সূচনা করল। বিরোধী দলনেতা রাহুল গান্ধীও সমাবেশের কিছু ভিডিও শেয়ার করেন, যেখানে বিপুল জনসমাগম দেখা যায়। ‘ইন্ডিয়া’ জোটের এই প্রতিবাদ কর্মসূচিতে রেকর্ড সংখ্যক মানুষ উপস্থিত হওয়ায় তিনি তাঁদের ধন্যবাদ জানান।
রবিবার সমাবেশে বক্তব্য রাখার সময় কংগ্রেস নেতা বলেন, আমি ভারতের প্রতিটি নাগরিক ও প্রতিটি তরুণকে বলছি: জ্ঞানেশকুমারকে মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হবে। জ্ঞানেশকুমারকে জেলে যেতে হবে।