নিউজ ডেস্ক: ডিব্রুগড় জেলার টেঙাখাতে অয়েল ইন্ডিয়া লিমিটেডের ট্যাঙ্ক ফার্মে বিস্ফোরণে ঘটনাস্থলে একজন নিহত এবং ছয়জন আহত হয়েছিলেন। হাসপাতালে আরও দুজনের মৃত্যু ঘটে। কারখানায় কর্মীরা একটি ভালভ চালু করার সময় এই ঘটনাটি ঘটে। ট্যাঙ্ক ফার্মের অপরিশোধিত তেল সংরক্ষণের অংশে বিস্ফোরণটি ঘটে, যার ফলে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।
অয়েল ইন্ডিয়া লিমিটেডের বিবৃতি অনুযায়ী, শুক্রবার সকাল ৯টা ৫ মিনিটের দিকে কারখানায় রক্ষণাবেক্ষণ কাজের সময় এই অগ্নিকাণ্ড ঘটে। আগুনে পুড়ে এক কর্মীর ঘটনাস্থলেই মৃত্যু হয় আর ছয়জন দগ্ধ হয়েছিলেন। তাঁদের চিকিৎসার জন্য ডিব্রুগড়ের আসাম মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং অয়েল ইন্ডিয়া লিমিটেড হাসপাতালে পাঠানো হয়, সেখানে দুজনের মৃত্যু হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, কারখানায় কর্মীরা একটি ভালভ চালু করার সময় এই ঘটনাটি ঘটে। জানা গেছে, ট্যাঙ্ক ফার্মের অপরিশোধিত তেল সংরক্ষণের অংশে বিস্ফোরণটি ঘটে, যা থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় রাজু দত্ত নামে এক শ্রমিকের।

আহতদের মধ্যে মৃত্যু হয়েছে ডিব্রুগড়ের মিলন নগরের তাপস গগৈ (৪০) এবং রূপম গগৈয়ের। এ ছাড়া আহত টেঙাঘাতের বাসিন্দা শৈলেন গগৈ (৪৫), কুমুদ গগৈ (৩৮), গোলাপ দত্ত (৫৮) ও ইন্দ্র গগৈ (৪০)।
আহত কর্মীরা মুম্বাইভিত্তিক প্রতিষ্ঠান ‘স্পেকট্রন ইঞ্জিনিয়ার্স প্রাইভেট লিমিটেড’-এর কর্মচারী বলে জানা গেছে। এই কোম্পানি অয়েল ইন্ডিয়া লিমিটেডের অধীনে কাজ করছিল।